বেড়েছে খুন, নারী নির্যাতন ছিনতাই ও রাহাজানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের হিসাবে দেশে অপরাধপ্রবণতা বেড়েছে। অপরাধের আটটি ধরন বিশ্লেষণ করে মন্ত্রিপরিষদ বিভাগের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ছয়টি ক্ষেত্রেই অপরাধ বেড়েছে এবং সংখ্যার হিসাবে তা দেড় হাজারের বেশি। শুধু অ্যাসিড নিক্ষেপ ও ধর্ষণের অপরাধ কমেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গতকাল সোমবার সরকারের সবগুলো মন্ত্রণালয় ও বিভাগের ২০১৩-১৪ অর্থবছরের কার্যাবলি-সম্পর্কিত আর্থিক প্রতিবেদন মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য নিয়ে বার্ষিক প্রতিবেদনটি তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংযুক্তি বাদে প্রতিবেদনটি ২১৫ পৃষ্ঠার। তুলনামূলক বিশ্লেষণে দেখানো হয়, উন্নয়ন ও অগ্রগতির সবগুলো সূচকে এক বছরে (জুলাই ২০১৩ থেকে জুন ২০১৪) বাংলাদেশ এগিয়েছে।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবরণ দিতে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২-১৩ অর্থবছরের তুলনায় ২০১৩-১৪ অর্থবছরে ছয় ধরনের অপরাধ বেড়েছে। শুধু খুনই বেড়েছে ৪৬৬টি। তুলনামূলক চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ২০১৩-১৪ অর্থবছরে সারা দেশে খুনের সংখ্যা ছিল চার হাজার ১৩৩টি। এটা বেড়ে গত অর্থবছরে (জুন ২০১৪ পর্যন্ত) হয়েছে চার হাজার ৫৯৯টি।
ছিনতাই ও ডাকাতির সংখ্যা বেড়ে যাওয়ার তথ্য রয়েছে ওই প্রতিবেদনে। এতে বলা হয়, ২০১২-১৩ সালে ছিনতাই ও রাহাজানি ঘটে ৯৭৫টি, এটা বেড়ে এক বছরের মাথায় হয়েছে এক হাজার ১৫৯টি। ডাকাতির সংখ্যাও ৬০৮ থেকে বেড়ে হয়েছে ৬৪৬।
নারী নির্যাতনের সংখ্যাও সরকারের ওই প্রতিবেদন অনুযায়ী হতাশাজনক। পুলিশের রেকর্ড অনুযায়ী এক বছরে তা বেড়েছে ১৬৫টি। এ ধরনের ঘটনা ১৪ হাজার ৫৪৭ থেকে বেড়ে হয়েছে ১৪ হাজার ৭১২।
জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলোকে বলেন, গত অর্থবছরে নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও নাশকতার ঘটনা ছিল। এ জন্য হত্যাকাণ্ড বেশি হয়েছে। অস্ত্র ও বিস্ফোরকের ব্যবহারও বেড়েছে। সচিব বলেন, এসবের বিপরীতে অ্যাসিড নিক্ষেপ ও ধর্ষণের ঘটনা কমে যাওয়ার বিষয়টি খুবই ইতিবাচক।
সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এসব তথ্য সমন্বয় করেছে। এতে দেখা গেছে, বিচ্ছিন্ন কিছু বিষয় ছাড়া প্রায় সব সূচকে গত অর্থবছরে অগ্রগতি হয়েছে।
কারাগার পরিস্থিতি সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়, হাজতির সংখ্যা কমেছে, বেড়েছে কয়েদির সংখ্যা। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা বেড়েছে। ২০১২-১৩ অর্থবছরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ছিল ৭৬, এটা বেড়ে হয়েছে ২০৭।
দ্রুত বিচার আইনে মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু ২০১২-১৩ অর্থবছরে দ্রুত বিচার আইনে ক্রমপুঞ্জিভূত মামলার সংখ্যা ছিল দুই হাজার ১৮৮টি বেড়েছে। একই সময়ে ক্রমপুঞ্জিভূত গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা বেড়েছে সাড়ে তিন হাজার।
নিষ্পত্তি না হওয়া ফৌজদারি মামলার সংখ্যা এখন ১৬ লাখ ৩৯ হাজার ২৪টি। এর বাইরে ২০১২-১৩ অর্থবছরে নয় লাখ ৩১ হাজার ৩৪৮টি মামলা নিষ্পত্তি হয়। গত অর্থবছরে নিষ্পত্তির সংখ্যা প্রায় ২০ হাজার বাড়লেও ক্রমপুঞ্জিভূত সাড়ে ১৬ লাখ মামলার পাহাড় কবে, কীভাবে অপসারণ হবে তা নিয়ে সংশয় রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘মামলা নিষ্পত্তি ত্বরান্বিত করতে বিচার বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধি, নতুন আদালত ও ট্রাইব্যুনাল
গঠন, প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নির্মাণ ও সংস্কারের লক্ষ্যে কার্যক্রম চলছে।’