চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণসহ আশপাশের বিভিন্ন এলাকায় রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।
গত ১৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক হাজার ৪০০ শিশু মতলবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) ভর্তি হয়েছে। আক্রান্ত শিশুদের ৭২ শতাংশের বয়স পাঁচ বছর বা তার নিচে।
মতলব আইসিডিডিআরবি সূত্রে জানা গেছে, চলতি মাসে প্রতিদিন গড়ে ৮২ দশমিক ৩ জন শিশু এখানে ভর্তি হয়েছে। এ সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে দেড় গুণের বেশি। স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন ৫০ জন শিশু ভর্তি হয়।
গত বছর এই সময়ে এ হার ছিল ৫৮ জন। গতকাল বেলা দুইটা পর্যন্ত ৪৫ জন শিশু ভর্তি হয়েছে। ১৭ দিনে এসব রোগীর মধ্যে ১৭৭ জন চাঁদপুর সদর, ৮৬ জন মতলব দক্ষিণ, ৫৯ জন মতলব উত্তর, ১২৪ জন ফরিদগঞ্জ, ১০৪ জন হাজীগঞ্জ, ৭৩ জন শিশু কচুয়া উপজেলার। অন্য শিশুরা কুমিল্লা সদর, বরুড়া, দাউদকান্দি, লক্ষ্মীপুর সদর ও রায়পুরের বাসিন্দা।
গতকাল মঙ্গলবার আইসিডিডিআরবি গিয়ে দেখা যায়, সেখানকার প্রতিটি ওয়ার্ডে ডায়রিয়া আক্রান্ত শিশুদের ভিড়। বহির্বিভাগেও বেশ কিছু রোগী চিকিৎসা নিচ্ছে। মতলব উত্তর উপজেলার পদুয়া গ্রামের শিশু নুহারের (২) মা ফাতেমা বেগম বলেন, ‘ঘন ঘন বমি ও পাতলা পায়খানা করায় মেয়েডারে এনো নিয়া আইছি। স্যালাইন ও বেবিজিংক খাইতে দিছে। এহন একটু ভালার দিকে।’
আইসিডিডিআরবি মতলব কেন্দ্রের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দাস বলেন, ‘কয়েক দিনের শীতে এ রোগের প্রকোপ বেড়েছে। সাধারণত শীতের মৌসুমে দূষিত খাবার ও পানি পানের কারণে শিশুদের রোটা ভাইরাসজনিত ডায়রিয়া দেখা দেয়।
আক্রান্ত শিশুদের ওরস্যালাইন ও মায়ের বুকের দুধ খেতে দেওয়া হচ্ছে। সাত মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের বাড়ন্ত খাবার হিসেবে সুজি, খিচুড়ি, পাকা কলা, ভাতের মাড়, ডাব, চিড়ার পানি এবং প্রতিদিন একটি বেবিজিংক খেতে বলা হচ্ছে।
ডায়রিয়া এড়াতে মায়েদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং শিশুদের যাতে ঠান্ডা না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে।