এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫—উভয়ই বেড়েছে। পাসের হার ৯৫ দশমিক ৪৪ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৮৩১ জন। গত বছরের চেয়ে ৭ হাজার ১৪৬ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর জেএসসি পরীক্ষায় এই বোর্ডের অধীনে খুলনা বিভাগের ২ হাজার ৮৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ লাখ ৯ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ লাখ ২৭৮ জন সব বিষয়ে কৃতকার্য হয়েছে। পাসের হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৪৪ শতাংশে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী।
গত বছর ১ লাখ ৮৮ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সব বিষয়ে পাস করেছিল ১ লাখ ৭৩ হাজার ৫৯৯ জন। পাসের হার ছিল ৯১ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৬৮৫ জন।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বোর্ডের ফলাফলের চিত্র তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ‘গত বছর বোর্ডের এসএসসি ও এইচএসসিতে তুলনামূলক ভালো ফল ছিল না। যে কারণে আমরা আকস্মিক বিদ্যালয় পরিদর্শনের ওপর জোর দিয়েছিলাম। বিভিন্ন জেলার গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠ্যসূচির মূল বই পড়া ও পড়ানোর প্রতি বিশেষ জোর দেওয়া হয়। যে কারণে ভালো ফল হয়েছে।’
যশোর জিলা স্কুলের সহকারী শিক্ষক হায়দার আলী বলেন, ‘সৃজনশীল পদ্ধতির প্রশ্নপত্র মূল বই থেকেই হয়। যে কারণে মূল বই পড়ার জন্য আমার শিক্ষার্থীদের বেশি জোর দিই।’ মূল বই অনুসরণ করলে ফল ভালো হতে বাধ্য বলে তিনি মন্তব্য করেন।