বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা ও গরম মসলার দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদকে ঘিরে পেঁয়াজ, রসুন, আদা ছাড়াও চট্টগ্রামের বাজারে বেড়েছে বেশ কয়েক ধরনের মসলার দাম। এর মধ্যে লং ও জিরার দাম ঊর্ধ্বমুখী। গতকাল শনিবার রিয়াজউদ্দিন বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ, রসুন আদা ও দু-একটি মসলার দাম ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় কেজিতে আট থেকে দশ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায়। তবে দেশি পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে; প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে। বাজারে রসুন ও আদার দামও বাড়তির দিকে।খুচরা ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের তুলনায় চীন থেকে আমদানি করা রসুন কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। দেশি রসুন অবশ্য ৬০ থেকে ৬৫ টাকা। কেজিতে পাঁচ টাকা বেড়ে আদা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ব্যবসায়ীদের দাবি, আমদানির মূল্য বেশি হওয়ার কারণেই লং ও জিরার দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি লং ৮০ থেকে ৮৫ টাকা পর্যন্ত বেড়েছে। এ ছাড়া ভারতীয় ও পাকিস্তানি জিরার দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। বর্তমানে খুচরা ব্যবসায়ীরা ভারতীয় জিরা ৩৯০ থেকে ৪০০ টাকায় এবং পাকিস্তানি জিরা ৪৪০ থেকে ৪৭০ টাকায় বিক্রি করছেন। এ ছাড়া সিরিয়ার জিরা বিক্রি হচ্ছে ৪২০ টাকায়।বাজারে গরম মসলার উপকরণের মধ্যে এলাচি, গোলমরিচের দাম স্থিতিশীল রয়েছে। কেজিপ্রতি এলাচি এক হাজার ২০০ টাকায় ও গোলমরিচ এক হাজার ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে দারচিনি, ধনে, দেশি হলুদ ও শুকনা মরিচের দাম বাড়েনি। খুচরা ব্যবসায়ীরা প্রতি কেজি দারচিনি ১৯০ থেকে ২০০ টাকায়, ধনে ৪৮ টাকা ও দেশি হলুদ ৫৫ টাকায় বিক্রি করছেন। দেশি শুকনা মরিচ ১৬০ টাকা ও ভারতীয় শুকনা মরিচ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার করতে আসা আন্দরকিল্লার বাসিন্দা মো. মোস্তাক প্রথম আলোকে বলেন, কোরবানি এলেই সব মসলার দাম বেড়ে যায়। সবকিছুর দাম এত বেশি যে বাজেট অতিক্রম করে কেনাকাটা করতে হচ্ছে।