সকাল সাড়ে সাতটা। নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক। সড়কসংলগ্ন হোটেলগুলোতে ও সামনে মানুষের ভিড়। তাঁরা এসেছেন নাশতা কিনে বাসায় নিয়ে যেতে। তাঁদের মধ্যে আছেন কয়েকজন নারীও।
হোটেলের নাশতার এই কদরের কারণ জানতে চাইলে জবাব এল, এর কারণ নাশতার মান নয়, নির্ভরশীলতা। সন্ধ্যায় থাকে রাতের খাবার কেনার ভিড়। এমন দৃশ্য এখন শহরের প্রায় সব এলাকাতেই কমবেশি দেখা যাচ্ছে। খাবারের জন্য হোটেলের প্রতি মানুষকে এভাবে নির্ভরশীল হতে বাধ্য করেছে গ্যাস-সংকট। হোটেলমালিক ও শহরের সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলে জানা গেল এসব তথ্য।
শহরের ২ নম্বর রেলগেট এলাকার মনির হোটেলের মালিক, নারায়ণগঞ্জ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও সিটি করপোরেশনের কাউন্সিলর মনির হোসেন বলেন, ভোর পাঁচটার পর বাসাবাড়িতে চুলায় গ্যাস থাকে না। গ্যাস আসে সাধারণত রাত ১২টার পর। ফলে খাবারের জন্য মানুষকে হোটেলের ওপর নির্ভর করতে হচ্ছে।
গ্যাসের এই সংকট আবাসিক গ্রাহকদের জীবনযাত্রার ব্যয়, কষ্ট ও ভোগান্তি বাড়িয়েছে। বিপর্যয়ে ফেলেছে বাণিজ্যিক গ্রাহকদেরও। গ্যাস-সংকটে কোনো কোনো শিল্প-কারখানায় উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। নারায়ণগঞ্জ শহর তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের আওতাধীন। নারায়ণগঞ্জে সরবরাহ ঘাটতি থাকায় সংকট পুরোনো। এর ওপর শীতকালে গ্যাসের চাপ কমে যাওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছে। সংকট নিরসনে শহরবাসী আন্দোলনও করেছেন।
সরেজমিনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাবুরাইল, পাইকপাড়া, নয়াপাড়া, জল্লারপাড়, শীতলক্ষ্যা, তামাকপট্টি, নলুয়া, দেওভোগ, নিমতলা, সুতার পাড়া, মণ্ডলপাড়া, টানবাজার, কালিরবাজার, উত্তর চাষাঢ়া, চাঁদমারী, পালপাড়া, কাশীপুর, গলাচিপা, নন্দীপাড়া, গোয়ালপাড়া, কলেজ রোড, জামতলা, ইসদাইর, মাসদাইর, গাবতলী, মিশনপাড়া, আমলাপাড়া, ডন চেম্বার, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, পাঠানতলী, হাজীগঞ্জ, গোদনাইল, জালকুড়ি, সস্তাপুর, কাঠেরপুল, কোতালেরবাগ, লাল খাঁ, সেহাচর, পাগলা, পঞ্চবটি ও ভোলাইলে গিয়ে দেখা গেছে, গ্যাসের তীব্র সংকট। জানা গেল, দিনে অনেক এলাকায় গ্যাস থাকে না, কোথাও আসে সন্ধ্যার পর আবার কোথাও মধ্যরাতে।
গলাচিপার গৃহবধূ মাধবী পাল জানালেন, দিনে গ্যাস থাকেই না। সন্ধ্যার পর চুলা একটু চললেও রান্না হয় না। তাই মধ্যরাতে আগুনের আঁচ বাড়লে তিনি রান্না শুরু করেন, রান্না শেষ হতে বাজে রাত দুইটা। পরদিন ঠান্ডা হওয়া ওই খাবার তাঁরা তিন বেলা খান।
মাসদাইরের শামসুল আলম বলেন, বেলা একটার পর আস্তে আস্তে গ্যাসের চাপ বাড়ে। তবে গ্যাসের ওই চাপে রান্না করা দুরূহ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, এলাকার নারীদের বেশির ভাগ কর্মজীবী হওয়ায় তাঁদের পক্ষে রাত জেগে রান্না করা সম্ভব নয়। ফলে তাঁদের কেউ সিলিন্ডারের গ্যাস, কেউ কেরোসিনের স্টোভ আবার কেউ লাকড়ির চুলার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। চাহিদা বেড়ে যাওয়ায় প্রতি সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে ২০০-৩০০ টাকা।
পাইকপাড়ার বাসিন্দা ও ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অলিউদ্দিন ভূঁইয়া বলেন, ‘গ্যাসের কারণে ঠিকমতো রান্না না হওয়ায় দাম্পত্য কলহ হচ্ছে। গত কয়েক মাস ধরে সপ্তাহে গড়ে যে দুটি সালিস বৈঠক করছি, তার অন্তত একটি এমন দাম্পত্য কলহের।’
কারখানার উৎপাদনে বিপর্যয়: তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয় সূত্র জানায়, নারায়ণগঞ্জে গ্যাসের চাহিদা দৈনিক ১২৫ মিলিয়ন ঘনফুট। সরবরাহ করা হচ্ছে ৮২ মিলিয়ন ঘনফুট। সার ও বিদ্যুৎ কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করায় এই সংকট। তবে শীতকালে সংকট তীব্র হওয়ার কারণ গ্যাসের পাইপলাইনে কনডেনসেট (গ্যাসের সঙ্গে থাকা তেল) জমে যাওয়া। এতে সরবরাহ বিঘ্নিত হয়।
এর প্রভাব বাণিজ্যিক গ্রাহকদের ওপরও পড়ছে। নারায়ণগঞ্জের অধিকাংশ বৃহৎ শিল্পকারখানা গ্যাসের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় পরিচালিত হয়। গ্যাস সংকটে কারখানাগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য ফার্নেস অয়েল ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়ছে।
নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ফার্নেস অয়েল ব্যবহার করলে উৎপাদন খরচ অনেক বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের পোষায় না। ডায়িং কারখানার বয়লার চালাতে গ্যাস অত্যাবশ্যক। কয়েক মাস ধরে গ্যাসের চাপ না থাকায় ২৪ ঘণ্টার অর্ধেকেরও বেশি সময় ডায়িং কারখানা বন্ধ রাখায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। তিনি জানান, গ্যাস-সংকটের সমাধান করা না গেলে বিদেশে নিটওয়্যারের বাজার হারানোর আশঙ্কা রয়েছে। তিনি বলেন, গ্যাস দিতে না পারলেও তিতাস কারখানাগুলোকে ন্যূনতম বিল দিতে বাধ্য করছে।
গ্যাসের সংকট নিরসনের দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি ও আমরা নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিন ধরে বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয় সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জ থেকে ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইন স্থাপন হলে গ্যাসের এই সমস্যা থাকবে না।
এদিকে গত বছরের ২৩ নভেম্বর পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর নারায়ণগঞ্জের গোদনাইল থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইন বসানোর কাজ উদ্বোধন করেন। কিন্তু ২৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ উদ্বোধনের এক সপ্তাহ পরই বন্ধ হয়ে যায়।
ওই কাজ পাওয়া তিতাসের ঠিকাদার দি রয়েল ইউটিলাইজেশনের প্রকল্প পরিচালক আবদুস সাত্তার বলেন, পাইপলাইন বসাতে বসতবাড়ি ভাঙা পড়ায় লোকজনের বাধা ও আন্দোলনের মুখে কাজ বন্ধ রয়েছে। চুক্তি অনুযায়ী আগামী মাসেই (মার্চ) এই কাজ শেষ করার কথা। মেয়াদ শেষ হলেও তারা মেয়াদ বাড়ানোর আবেদন না করার বিষয়টি তিতাসকে জানিয়ে দিয়েছে। কারণ, মাস খানেক পর বৃষ্টি শুরু হলে ঠিকাদারের খরচ যেমন বাড়বে, তেমনি বাড়বে জনদুর্ভোগ। এতে মানুষ ক্ষিপ্ত হতে পারে।
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম ১৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে তিতাসের কার্যালয় পরিদর্শনে এসে বলেন, ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইন বসানোর কাজ যেন দ্রুত শেষ করা যায় সে চেষ্টা চলছে এবং এটি হলে নারায়ণগঞ্জের গ্যাস-সংকট থাকবে না।