বেড়েছে ভোজ্যতেল ও শিশুখাদ্যের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্থির ভোজ্যতেলের বাজার। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সব রকমের ভোজ্যতেলের দাম। আরও বেড়েছে শিশুখাদ্যের দাম। গতকাল শুক্রবার নগরের বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। নগরের রেয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা গেছে, এখানে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতি লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম ছয় থেকে ১০ টাকা বেড়ে গেছে। এ বাজারের মুদি দোকানি মো. সালাহউদ্দিন প্রথম আলোকে জানান, এখন বাজারে রূপচাঁদা সয়াবিন প্রতি লিটার ১৩২ টাকা, পুষ্টি ১৩০, মুসকান ১৩০, দাদা ১৩২ ও তীর ১৩৬ টাকায় বিক্রি হচ্ছে। এসব তেলের দাম পাঁচ লিটারের বোতলপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আর খোলা সয়াবিন তেল, পাম তেল এবং সুপার পাম তেলের দামও গত এক মাসে প্রতি লিটারে বেড়েছে আট থেকে ১০ টাকা। এখন বাজারে খুচরা দরে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩২ টাকা। পাম তেল ১১৫ টাকা। সুপার পাম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২২ টাকায়। খুচরা বিক্রেতারা মনে করছেন, সরবরাহ বাড়লে বাজারে সয়াবিন তেলের দাম কমবে। কাজীর দেউড়ি কাঁচাবাজারের নাসির অ্যান্ড ব্রাদার্সের পণ্যবিক্রেতা পরিমল দে প্রথম আলোকে বলেন, ‘সপ্তাহ খানেক হয়ে গেল কোনো কোম্পানি এ বাজারের কোনো দোকানে সয়াবিন তেল সরবরাহ করছে না। গত সপ্তাহের শুরুতে পুষ্টি তেলের ফরমায়েশ (অর্ডার) দিয়েছিলাম। কিন্তু পাইনি। দিন দিন এভাবে সরবরাহ কমতে থাকলে সয়াবিন তেলের দাম আরও বেড়ে যাবে।’ এদিকে ভোজ্যতেলের পাশাপাশি বেড়েছে শিশুখাদ্যের দামও। দুই মাস আগে থেকেই এসব শিশুখাদ্যের দাম দফায় দফায় বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। জানা গেছে, ৯০০ গ্রাম ওজনের ল্যাকটোজেন ওয়ান এক হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ৪৫০ গ্রাম ওজনের হরলিক্স ২৮০ থেকে বেড়ে ৩১৫ টাকায় বিক্রি হচ্ছে। ওভালটিন ৩২০ থেকে বেড়ে ৩৭৫ টাকা, নিডো ২৮০ থেকে বেড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজারের হোসেন ডিপার্টমেন্ট স্টোরের বিক্রেতা বিজয় ঘোষ বলেন, ৯০০ গ্রামের ল্যাকটোজেন ওয়ানের মাস দুয়েক আগেও দাম ছিল ৯৬০ টাকা। এখন ৯০ টাকা বেড়ে বর্তমানে এর দাম হয়েছে এক হাজার ৫০ টাকা। কাজীর দেউড়ি ও রেয়াজউদ্দিনের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের দাম বেড়েছে। বড় আকৃতির ইলিশের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। এখন বড় আকৃতির প্রতি কেজি ইলিশ এক হাজার ৩০০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। দাম কমছে না। গ্রীষ্মকালীন সবজির মধ্যে আছে শসা, চিচিঙ্গা, ঝিঙা, পটোল, বরবটি, কচুর লতি, ঢ্যাঁড়স ইত্যাদি। এসব সবজি প্রতি কেজি ২০ থেকে ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। তবে মিষ্টিকুমড়ার সরবরাহ কমায় দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়ে ১৫ টাকা করে বিক্রি হচ্ছে।