চট্টগ্রামের বাজারে আবারও বেড়েছে মুরগির দাম। প্রায় সব ধরনের সবজির দাম আগের সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। ইলিশ ছাড়া সব ধরনের মাছের বাজারও স্থিতিশীল। গতকাল শনিবার নগরের কাজীর দেউড়ি ও রিয়াজুদ্দিন বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে।বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪৫ থেকে ১৫০ টাকায়। গত বুধবার পর্যন্ত নগরের বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম ছিল ১৩৫ টাকা। গত বৃহস্পতিবার থেকেই আবার মুরগির দাম বেড়েছে বলে বিক্রেতারা জানান। পাশাপাশি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে। রিয়াজুদ্দিন বাজারের মুরগির বিক্রেতারা জানান, বাজারে সরবরাহ কিছুটা কম। পাশাপাশি গত বৃহস্পতি ও শুক্রবার বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কারণে মুরগির চাহিদাও বেড়েছে। এ দুই কারণে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। এর আগে গত মাসের দ্বিতীয় সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার ১৫৫ টাকায় বিক্রি হয়। এরপর দাম কমতে শুরু করে। মুরগির দাম বাড়লেও ডিমের দাম আগের মতোই আছে। বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১০২, হাঁসের ডিম ১০৮ এবং দেশি মুরগির ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে গত সপ্তাহের তুলনায় ডালের দামও বেড়েছে। এক সপ্তাহ আগে নগরে উন্নত মানের দেশি মসুর ডালের কেজি ছিল ১০০ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ১০৫ থেকে ১১০ টাকায়। আমদানি করা হাইব্রিড জাতের মসুর ডাল বিক্রি হয়েছে ৮৫ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেশি। গতকাল বাজারে পেঁয়াজ ১৮, রসুন ৮৮ ও আদা ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি খোলা চিনির দাম ৫৭ ও প্যাকেটজাত চিনি ৬০ টাকায় বিক্রি হয়। দেখা গেছে, সবজির বাজার স্থিতিশীল আছে। গত সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম কমেছে। রিয়াজুদ্দিন বাজারের সবজিবিক্রেতা শহীদুল আলম জানান, প্রতি কেজি আলু ২০, পটোল ৩৫, চিচিঙ্গা ৩৫ থেকে ৪০, বরবটি ৪০, শসা ২৫, টমেটো ২০ ও ঢ্যাঁড়স ৪০ টাকায় বিক্রি হয়। কাঁকরোলের সরবরাহ বাড়ায় দাম কমেছে। দুই সপ্তাহ আগে ১২০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁকরোল গতকাল বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়। তবে কাঁচা পেপে ২৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচা আমের কেজি ছিল ২০ টাকা। কাজীর দেউড়ি কাঁচাবাজারের নাসির অ্যান্ড ব্রাদার্সের পণ্যবিক্রেতা পরিমল দে বলেন, ‘প্রায় দুই মাস ধরেই বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম। পাইকারিতে পাম ও সুপার পাম তেলের দাম কিছুটা কমলেও সয়াবিনের দাম কমেনি। তাই খুচরায়ও দাম কমছে না।’ বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১২৮ থেকে ১৩২ টাকায়। এদিকে নগরের বাজারগুলোতে আবারও বেড়েছে ইলিশের দাম। গত সপ্তাহে প্রতি কেজি ইলিশের দাম ছিল (আকারভেদে) ৭৫০ থেকে ১০০০ টাকা। গতকাল শনিবার দাম বেড়ে তা ৯০০ থেকে ১৩০০ টাকা দরে বিক্রি হয়। ছোট আকারের রুই ও কাতাল মাছ প্রতি কেজি ১৫০ থেকে ১৮০, কই ৬০০- ৭০০ ও তেলাপিয়া ১৫০ টাকায় বিক্রি হয়েছে। বাজারে মৌসুমি ফল আসতে শুরু করলেও দাম একটু বেশি। বিভিন্ন জাতের আম বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে।