রমজানের পরই কেজিতে ১০ থেকে ১৮ টাকা পর্যন্ত সব ধরনের ডালের দাম বেড়েছে চট্টগ্রামের বাজারে। এ ছাড়া গমের দাম বাড়ায় প্রভাব পড়েছে আটা ও ময়দার দামে। এদিকে সরবরাহ ঠিক থাকায় কমেছে ব্রয়লার মুরগির দাম। শাকসবজির দাম স্থিতিশীল রয়েছে।গতকাল শনিবার চট্টগ্রামের পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। রিয়াজউদ্দিন বাজারের রহমান ব্রাদার্সের পণ্যবিক্রেতা কামরুল বলেন, প্রতিবছরই শীতকাল আসার আগে সব ধরনের ডালের দাম বেড়ে যায়। এটা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। রমজানের সময়ও দাম ক্রেতাদের নাগালে ছিল। এখন মসুর, ছোলা, মুগসহ সব ধরনের ডালের দাম বেড়েছে।বাজারে মসুর ডালের দাম কেজিতে বেড়েছে ১৮ টাকা করে। কেজিতে বিক্রি হচ্ছে ১২৬ থেকে ১২৮ টাকা। রমজান মাসে এই ডাল বিক্রি হয়েছিল ১১০ টাকা দরে। ঈদের আগেও ছোলার ডালের দাম ছিল ৮০ টাকা। এখন বেড়ে ১০ টাকা বেড়ে ছোলার ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। মুগ ডালের বর্তমান দাম ১১৫ টাকা। এই ডালের দামও গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়েছে। খেসারি ডাল ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৬ টাকা দরে। ব্যবসায়ীদের সঙ্গে আলাপে জানা গেছে, গমের মূল্যবৃদ্ধির কারণে আটা ও ময়দার দামও বেড়েছে। তীর, পুষ্টি, ফ্রেশ, হর্স নামের বিভিন্ন ব্র্যান্ডের আটা ও ময়দার কেজিতে বেড়েছে যথাক্রমে দুই এবং ১২ থেকে ১৩ টাকা করে। এর মধ্যে তীর ব্র্যান্ডের প্রতি কেজি আটার মূল্য ৩৬ টাকা। দাম বাড়ার আগে এর বিক্রয়মূল্য ছিল ৩৪ টাকা। এ ছাড়া পুষ্টি, ফ্রেশ, হর্স ব্র্যান্ডের আটা ৩৪ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। প্রতি কেজিতে ১৩ টাকা দাম বেড়েছে ময়দারও। তীর ব্র্যান্ডের ময়দা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪৬ টাকা এবং পুষ্টি, ফ্রেশ, হর্স ব্র্যান্ডসহ অন্যান্য ব্র্যান্ডের ময়দা বিক্রি হচ্ছে ৪৫ টাকা করে। ঈদের সময়ও এসব ব্র্যান্ডের ময়দার দাম ছিল ৩২ থেকে ৩৩ টাকা। বিক্রেতা ও আড়তদারেরা জানান, পাইকারি বাজারে বাঁধাকপি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়। খুচরা বাজারে এর মূল্য ৩০ থেকে ৩২ টাকা। ফুলকপির পাইকারি মূল্য ৪০ টাকা এবং তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। শিমের পাইকারি মূল্য ৪০ টাকা, খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।