রাজধানীর কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কয়েকটি সবজি, মাছ, আদা ও রসুনের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং টানা শৈত্যপ্রবাহের কারণে দাম বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, শুকনা মরিচ ও পেঁয়াজের দাম স্থিতিশীলই রয়েছে।ব্যবসায়ীরা বলছেন, শৈত্যপ্রবাহের কারণে ঢাকায় সবজির সরবরাহ কিছুটা কমেছে। খাল-বিল ও নদীতে মাছ ধরা কমে গেছে। এ কারণে সবজি ও মাছের দাম বেড়েছে। কিন্তু আদা-রসুনের দাম বৃদ্ধির যথার্থ ব্যাখ্যা নেই ব্যবসায়ীদের কাছে। দাম বৃদ্ধির জন্য আগের মতোই খুচরা ব্যবসায়ীরা দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীদের। আর পাইকারি ব্যবসায়ীরা বলছেন, খুচরা ব্যবসায়ীরা খামোখাই দাম বাড়িয়ে দেন।কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা রুহুল আমিন জানান, শৈত্যপ্রবাহের কারণে কিছু পণ্যের সরবরাহ কমে গেছে। তীব্র শীতে কৃষক জমি থেকে ফসল সংগ্রহ করতে পারেননি, জেলেরা মাছ ধরতে পারেননি। আবহাওয়া স্বাভাবিক হলেই দাম কমে আসবে। গতকাল শুক্রবার কারওয়ান বাজার ও হাতিরপুল বাজার ঘুরে দেখা যায়, দেশি রসুন আগের সপ্তাহের মতো ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও আমদানি করা রসুন বিক্রি হয় ৮৫ থেকে ৯০ টাকা কেজি। আগের সপ্তাহে এর দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা। প্রতি কেজি আদা মানভেদে গতকাল বেচাকেনা হয় ৭৫ থেকে ৮০ টাকায়। আগের সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা।বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, চাহিদার তুলনায় রসুনের সরবরাহ বেশিই রয়েছে দেশে। অথচ শৈত্যপ্রবাহের অজুহাতে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।নতুন আলু বিক্রি হয়েছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। করলা ৫০ থেকে বেড়ে ৬০ টাকা, বেগুন ৪০ থেকে বেড়ে ৫০ টাকা, শিম ৩৫ থেকে বেড়ে ৪০ টাকা, বরবটি ৬০ থেকে বেড়ে ৭০ টাকা, পেঁপে ২০ থেকে বেড়ে ২৫ টাকা এবং কাঁচা মরিচ ৬০ থেকে বেড়ে ৮০ টাকায় বিক্রি হয়। মাছের বাজারে বড় রুই ২৫০ থেকে বেড়ে ৩০০ টাকা কেজি হয়েছে গতকাল। এ ছাড়া কাতল ৩০০ থেকে বেড়ে ৪০০ টাকা, কোরাল ৫৫০ থেকে ৬০০ টাকা, চাষ করা কই মান ও আকারভেদে ১৫০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে বেড়ে ২০০ টাকা, ছোট ইলিশ ২৫০ থেকে বেড়ে ৩৫০ টাকা এবং বড় ইলিশ ৮০০ থেকে এক হাজার টাকায় বেচাকেনা হয়।এই দুই বাজারে ব্রয়লার মুরগি ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। তবে ডিমের হালি ছিল আগের সপ্তাহের মতোই ৩৮ টাকা।হাতিরপুল বাজারে ব্যাংক কর্মকর্তা কঙ্কনা চক্রবর্তী ক্ষোভের সঙ্গে প্রথম আলোকে বলেন, দিন এমনভাবে বদলে গেছে যে এখন শীতের মৌসুমেও সস্তায় সবজি খাওয়ার উপায় নেই। তিনি নিত্যপণ্যের বাজার সহনশীল রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন।