চট্টগ্রামের বাজারে ডিম ও মুরগির সরবরাহ বাড়ায় দাম কিছুটা পড়তির দিকে। তবে বাড়ছে শাকসবজি ও মাছের দাম। গতকাল শুক্রবার নগরের কাজীর দেউড়ি ও ২ নম্বর গেটের কর্ণফুলী বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।চট্টগ্রামের কাঁচাবাজারে গ্রীষ্মকালীন শাকসবজির সরবরাহ বাড়ছে। তবে শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় নতুন আসা সবজির দাম চড়া। ক্রেতাদেরও ঝোঁক নতুন সবজির দিকে। কর্ণফুলী বাজারের বিক্রেতা মো. শিপন জানান, এখন বাজারে শীতকালীন সবজির সরবরাহ নেই। আসছে গ্রীষ্মকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও তা পর্যাপ্ত নয়। তাই দাম চড়া। সবজির মধ্যে বেড়েছে আলু, বেগুন, পটোল, করলা, চিচিঙা, ঝিঙা, টমেটো, বরবটি ও শসার দাম। বাজারভেদে এসব সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা।বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে এক কেজি বেগুন ১৬ টাকায় বিক্রি হয়। এ সপ্তাহে দাম বেড়ে তা ২৪ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। ১২ টাকার আলু এখন বিক্রি হচ্ছে ১৬ টাকায়। টমেটো ২৪ টাকা, পটোল ৫০ টাকা, করলা, চিচিঙা, ঝিঙা, বরবটি ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কচুর লতি (দেশি) ৬০ ও চাষের লতি ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কর্ণফুলী বাজারের মাছ বিক্রেতা জহিরুল ইসলাম বলেন, বাজারে পুকুরের মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও সামুদ্রিক মাছের সরবরাহ কমে গেছে। তাই মাছের দামও বেশি। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি রুই মাছ ২২০ থেকে ২৫০ টাকা, আকারভেদে কাতলা ২২০ থেকে ৩২০ টাকা, পাঙাশ ১২০ থেকে ১৬০ টাকা, কার্ফু ২২০ টাকা, গলদা চিংড়ি ৪৮০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, ইলিশ ৭০০ থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাজীর দেউড়ি কাঁচাবাজারের মাছ বিক্রেতা মোহাম্মদ শাহীন প্রথম আলোকে বলেন, এই বাজারে আকারভেদে রূপচাঁদার দাম কেজিপ্রতি ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রি হচ্ছে সাড়ে ৪০০ থেকে সাড়ে ৭০০ টাকা দরে। ইলিশ মাছ কেজিপ্রতি ৫০ টাকা বেড়ে আকারভেদে বিক্রি হচ্ছে ৮০০ থেকে এক হাজার ৩০০ টাকায়।বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা কমে হয়েছে ১৫৫ থেকে ১৬০ টাকা। দেশি মুরগির দাম ৩০০ টাকাতেই স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে ডিমের দাম। দেশি ডিম ডজনপ্রতি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।