চট্টগ্রামে পবিত্র রমজানের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ চাহিদার তুলনায় যথেষ্ট। পেঁয়াজ ছাড়া বাকি পণ্যর দাম স্থিতিশীল দেখা গেছে। তবে দাম বেড়েছে সবজির। দাম বাড়ার জন্য কম সরবরাহ ও বৃষ্টিকে অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা।
খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগের তুলনায় গত দুই দিনে ছোলার মূল্য কেজিতে দু-তিন টাকা বেড়েছে। তবে রোজা শুরু হলেই দাম আরও কমবে বলে জানান তাঁরা।
দুই সপ্তাহ আগে কেজিতে দুই টাকা বাড়লেও শেষ মুহূর্তে স্থিতিশীল আছে চিনি ও ভোজ্যতেলের বাজার।
বন্দরের তথ্যে দেখা যায়, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ব্যবসায়ীরা চিনি তৈরির কাঁচামাল ‘র সুগার’ আমদানি করেছেন প্রায় নয় লাখ টন। এর বেশির ভাগই পরিশোধিত হয়ে বাজারজাত করা হয়েছে। আর প্রথম পাঁচ মাসে পরিশোধিত ও অপরিশোধিত পাম এবং সয়াবিন আমদানি হয়েছে প্রায় ছয় লাখ টন।
ষোলশহর কর্ণফুলী বাজারের খুচরা ব্যবসায়ী খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় ছোলা, চিনি ও ভোজ্যতেলের দাম এবার স্থিতিশীল আছে। তবে পেঁয়াজ ও রসুনের দাম বাড়ছে। পেঁয়াজের দাম নাকি ভারতেই বেড়ে গেছে। তবে রসুনের দাম বাড়ছে কেন জানি না।’
বাজার ঘুরে জানা গেছে, দুই সপ্তাহের ব্যবধানেই কেজিতে ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহেও আমদানি করা পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৩৫ টাকা। বৃহস্পতিবার সর্বশেষ কেজিতে বেড়েছে পাঁচ টাকা। এর দাম আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিক্রেতারা।
সবচেয়ে বেশি অস্থির দেখা গেছে কাঁচাবাজার। কেজিতে সবজির দাম বেড়েছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। গতকাল শনিবার বেগুন বিক্রি করতে দেখা গেছে ৮০ থেকে ১০০ টাকায়। অথচ গত সপ্তাহেও বেগুনের কেজি ছিল ৩৫-৪০ টাকা। অন্যান্য সবজির মধ্যে কাঁকরোল ৫০ টাকা, চিচিঙ্গা ৫০, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৬০, করলা ৭০, টমেটো ৭০, শসা ৭০ ও কাঁচামরিচ ১০০ টাকা দরে বিক্রি হয়েছে।
সবজি বিক্রেতা আদম আলী বলেন, এবার অতিবৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়েছে। সে কারণে বেশ কিছুদিন ধরেই দাম বাড়তি।
তবে নগরের কাজীর দেউড়িতে বাজার করতে আসা আনজুমান আরা বিরক্তি প্রকাশ করে বলেন, ‘বৃষ্টি এঁদের অজুহাত। রমজান উপলক্ষে ব্যবসা করতেই ইচ্ছে করে দাম বাড়াচ্ছেন বিক্রেতারা।’