বেড়েছে সেমাই, গুঁড়া দুধের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ঈদ সামনে রেখে ইতিমধ্যে রাজধানীর বাজারে বেড়ে গেছে সেমাই, গুঁড়া দুধসহ কিছু পণ্যের দাম। চড়া ভাব এসেছে মাংস ও মুরগির দামেও। তবে অপরিবর্তিত রয়েছে মাছ ও সবজির বাজার।গতকাল শুক্রবার রামপুরা, পলাশী ও কারওয়ান বাজারের কয়েকটি মুদি দোকান ঘুরে দেখা গেছে, বনফুল ও কুলসুন ব্র্যান্ডের ২০০ গ্রাম ওজনের লাচ্ছা সেমাইয়ের প্যাকেট বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। যা কয়েক দিন আগেও ছিল ২৮ থেকে ৩০ টাকা। ঈগলু ব্র্যান্ডের ২৫০ গ্রাম ওজনের প্যাকেটজাত লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ৫০ টাকায়।খোলা সেমাইয়ের দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা। গতকাল সাধারণ মানের খোলা সেমাইয়ের দাম ছিল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা। কিছুটা ভালো মানের সেমাই বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি।সেমাই রান্নার উপকরণ গুঁড়া দুধের দামও বেড়েছে আরেক দফা। ৪০০ গ্রাম ওজনের ডানো দুধ ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৭৫ টাকায়। একই ওজনের মার্কস দুধের দাম ২১০ টাকা থেকে বেড়ে ২২৩, ফ্রেশ দুধের দাম ২০০ টাকা থেকে বেড়ে ২২৩, ডিপ্লোমা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।মিল্ক ভিটা, আড়ংসহ বিভিন্ন ধরনের তরল দুধও কোনো কোনো দোকানি মোড়কে উল্লিখিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। এই অভিযোগে গত কয়েক দিনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকটি দোকানকে জরিমানাও করেছেন।ঈদ এলে মসলার চাহিদা বাড়ে। তবে সাধারণ দু-একটি মসলা ছাড়া অন্য মসলার দাম গতকাল পর্যন্ত বাড়েনি। ভারত থেকে আমদানি করা পেঁয়াজের কেজি ৪৪ থেকে বেড়ে ৪৮ টাকা আর দেশি পেঁয়াজ ৪৮-৫০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হয়েছে। চীনা আদার কেজি ৮০ টাকা আর দেশি আদা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দেশি রসুন ৭০ থেকে ৭৫ টাকা ও চীনা রসুন ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।দু-তিনটি পণ্য ছাড়া তরিতরকারির বাজারেও খুব একটা হেরফের নেই। গত সপ্তাহে ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া শসা গতকাল বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়। ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হওয়া টমেটো গতকাল ছিল ১০০ টাকা। ঝিঙে, কাঁকরোল, ঢ্যাঁড়স, চিচিঙ্গাসহ কয়েকটি সবজি গড়ে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। গাজর ও করলা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি।সব ধরনের মাছের দামই বেড়েছে। তবে ইলিশের দাম বেশি বেড়েছে। মাঝারি আকারের (৫০০ থেকে ৭০০ গ্রাম) একটি ইলিশ গত সপ্তাহে ৬০০ টাকায় কেনা গেলেও গতকাল কিনতে হয়েছে ৭০০ থেকে ৭৫০ টাকায়।বেড়েছে মাংসের দামও। ঢাকার দুই সিটি করপোরেশন গরুর মাংস বিক্রির দর ২৭৫ টাকা কেজি বেঁধে দিলেও অনেক বিক্রেতা বিক্রি করছেন ২৮০ থেকে ২৯০ টাকা। মুরগির দামও চড়া। এক কেজি ওজনের ব্রয়লার মুরগি কিনতে ক্রেতাকে খরচ করতে হয়েছে ১৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। বেড়েছে দেশি মুরগির দামও।