চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বৈকালিক এমবিএ প্রোগ্রাম চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলশীতে বিজিএমইএ ভবন মিলনায়তনে দুই বছরের এই প্রোগ্রামের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম বলেন, দক্ষ ব্যবস্থাপক গড়তে চট্টগ্রাম নগরের মধ্যেই খুব কম খরচে দুই বছর মেয়াদি বৈকালিক এমবিএ কোর্স চালু করা হয়েছে। উপাচার্য প্রথম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিজের মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের অবস্থান দৃঢ় করতে হবে।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন কে এম গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, সেন্টার ফর বিজনেস স্টাডিজের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ মামুন, বিজিএমইএর প্রথম সভাপতি নাসির উদ্দিন চৌধুরী।