বৈকালিক চিকিৎসাসেবা সাড়া ফেলেছে মান্দায়
নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হওয়া বৈকালিক চিকিৎসাসেবা এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়ায় মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।
স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্র জানায়, বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক (স্থানীয় সাংসদ) এবং নওগাঁর সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেনের উদ্যোগে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৫ মার্চ থেকে বৈকালিক চিকিৎসাসেবা চালু করা হয়। সপ্তাহে ছয় দিন বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এই সেবা দেওয়া হয়। মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক চিকিৎসকদের ব্যতিক্রমী উদ্যোগের জন্য গত ১৪ এপ্রিল হাসপাতাল প্রাঙ্গণে তাঁদের বিশেষ সংবর্ধনা দেন। নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা মান্দা। এই উপজেলায় প্রায় সাড়ে চার লাখ লোক বসবাস করে। এ জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগে সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত প্রচণ্ড ভিড় থাকত। ফলে এই সময়ে কর্মব্যস্ত লোকজন সরকারি চিকিৎসাসেবা নিতে পারতেন না। এসব লোকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় সাংসদ ও জেলার সিভিল সার্জন হাসপাতালের চিকিৎসকদের নিয়ে ব্যতিক্রমী এই উদ্যোগ নেন। কৃষিপ্রধান এই এলাকার অধিকাংশ মানুষ দিনের প্রথম ভাগে ব্যস্ত থাকায় তাঁদের প্রয়োজনীয় কাজ শেষে চিকিৎসাসেবা নিতে বিকেলে ভিড় করছেন স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে।
১৬ এপ্রিল হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা হাসপাতালের এই বিশেষ উদ্যোগে সন্তুষ্ট এবং তাঁরা এতে বেশ উপকৃত হচ্ছেন। উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকগোপাল গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা আক্তার বানু বলেন, সকালে সাংসারিক কাজের জন্য আসতে পারেননি, তাই বিকেলে এসেছেন।
গনেশপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের ইব্রাহিম মণ্ডল ও তাঁর স্ত্রী খাদিজা খাতুন বলেন, বিকেলে চিকিৎসাসেবা দেওয়ার কথা তাঁরা ১০-১২ দিন আগে জেনেছেন। সকালে চিকিৎসা নিতে এলে সারা দিন আর অন্য কোনো কাজ হয় না। বিকেলে ডাক্তার বসায় বাড়ির টুকিটাকি কাজ সেরে হাসপাতালে এসে সেবা নেওয়া যাবে। এই সেবাটা তাঁদের মতো খেটে খাওয়া মানুষের জন্য ভালোই হয়েছে।
সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পর এই প্রথম মান্দায় এই ধরনের বৈকালিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এই সেবা শুরু হওয়ার পর ব্যাপক সাফল্য পাওয়া গেছে। এটা শুধু মান্দাতে নয়, জেলার অন্য উপজেলাতেও চালু করতে চাই। ইতিমধ্যে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে খুব শিগগিরই বদলগাছী উপজেলায় এই সেবা চালু করা হবে।’
সিভিল সার্জন বলেন, এই সেবাটা নির্ভর করবে হাসপাতালে চিকিৎসকের সংখ্যা এবং তাঁদের মনমানসিকতার ওপর। নবীন চিকিৎসকদের আগ্রহের কারণেই মান্দায় এটা সম্ভব হয়েছে। এ জন্য মন্ত্রী চিকিৎসকদের এই উদ্যোগের জন্য তাঁদের সংবর্ধনা দিয়েছেন।
মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনোরঞ্জন বলেন, বিকেলে গড়ে প্রতিদিন ১০০ জন রোগী সেবা নিচ্ছেন। দিন দিন এই সংখ্যা বাড়ছে। বিকেলে প্রতিদিন দুজন পুরুষ এবং একজন মহিলা চিকিৎসক এই সেবা দিচ্ছেন। এ ছাড়া জরুরি বিভাগে সার্বক্ষণিক একজন এমবিবিএস চিকিৎসক চিকিৎসাসেবা দেন।