বৈকালী সংঘে বেঁচে আছে হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বৈকালী সংঘে হকি অনুশীলন করছে শিশু–কিশোরেরা l ছবি: শহীদুল ইসলাম
রাজশাহীর বৈকালী সংঘে হকি অনুশীলন করছে শিশু–কিশোরেরা l ছবি: শহীদুল ইসলাম

হকি খেলা এখন না হয় গ্রামে, না হয় স্কুলে। আবার আঞ্চলিক পর্যায়ে আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ৭০ মিনিটের হকি খেলা মাত্র ২০ থেকে ৩০ মিনিটেই শেষ করে দেওয়া হয়। সব মিলিয়ে হকির যখন হারিয়ে যাওয়ার দশা, তখন রাজশাহীর বৈকালী সংঘে প্রতিদিন হকি অনুশীলন করেন ৪০ থেকে ৫০ জন খেলোয়াড়। টানা ১৭ বছর ধরে জাতীয় দলে বৈকালী সংঘের খেলোয়াড়েরা খেলছেন। জাতীয় দলের অধিনায়কও হয়েছেন বৈকালী সংঘ থেকে। রাজশাহী জেলায় এ পর্যন্ত ২৪ বার হকি লিগ হয়েছে, তার মধ্যে ২১ বারই বৈকালী সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।
এ ছাড়া দরিদ্র পরিবারের ৩০ জন যুবক বৈকালী সংঘে খেলতে এসে হকি কোটায় সরকারি চাকরি পেয়েছেন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের প্রধান গেটের নামকরণও করা হয়েছে বৈকালী সংঘের খেলোয়াড় প্রয়াত রবিউদ্দিনের নামে। তাঁরা টানা ৪২ বছর ধরে মেতে আছেন হকি নিয়ে। সংগঠনের সদস্যসংখ্যা প্রায় ২৫০। ১৭ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি রয়েছে। জেলা পরিষদের আর্থিক অনুদান, সদস্যদের চাঁদা ও সাবেক সদস্যদের অনুদানে প্রতিষ্ঠানটি চলে।
রাজশাহী নগরের মণিবাজারে বৈকালী সংঘের একটি কার্যালয় রয়েছে। সন্ধ্যায় সেখানে গেলে একজন মানুষকে পাওয়া যাবেই। তাঁর নাম মনিরুজ্জামান (৫৭)। ডাকনাম ছানা। তিনি সংগঠনের সভাপতি। তাঁর বাড়ির বসার ঘরেই ১৯৭৬ সালের ১৬ ডিসেম্বর বৈকালী সংঘের জন্ম হয়েছিল। মনিরুজ্জামান বলেন, তাঁদের হকির প্রতি নেশা ধরিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ছাত্র সাইদুজ্জামান। সেটা ১৯৭৭ সালের কথা। সাইদুজ্জামান বড় খেলোয়াড় হননি কিন্তু বৈকালী সংঘ গড়ে তোলার পেছনে তাঁর অবদানই সবচেয়ে বেশি ছিল। তিনি এখনো সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।
বৈকালী সংঘের হকি ছাড়াও ক্রিকেট, কাবাডি ও হ্যান্ডবল টিম রয়েছে। খেলার পাশাপাশি প্রতিবছর শীতের সময়ে মণিবাজার চত্বরে তারা পুষ্পমেলার আয়োজন করে। এখনো সংগঠনটি দরিদ্র পরিবারের খেলোয়াড়দের পড়ালেখার খরচ বহন করে।
বৈকালী সংঘ থেকে প্রথম জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন রবিউদ্দিন। ১৯৯৯ সালে ঢাকায় শারীরিক শিক্ষা কলেজে খেলার সময় দুর্ঘটনায় তিনি মারা যান। তাঁর নামেই পরে ঢাকায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রধান গেটের নামকরণ করা হয়েছে ‘রবিউদ্দিন গেট’। রবিউদ্দিনের হাত ধরে এই সংঘের খেলোয়াড় শামীম রেজা জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। ২০০৭ সালে মাত্র ২৯ বছর বয়সে তিনি মারা যান।
১৭ বছর ধরে এই সংঘের খেলোয়াড়েরা জাতীয় দলে রয়েছেন। বর্তমানে চারজন খেলোয়াড় জাতীয় দলে খেলছেন। তাঁরা হলেন কৃষ্ণ কুমার, সাব্বির রানা, রিমন কুমার ঘোষ ও মিলন হোসেন। সম্প্রতি মিলন ও কৃষ্ণ কুমার জার্মানিতে দ্বিতীয় বিভাগ খেলতে গেছেন।
জাতীয় দলে না খেললেও এই সংগঠনের বেশ কিছু স্বনামধন্য খেলোয়াড় রয়েছেন, তাঁদের মধ্যে বদিউজ্জামান অন্যতম। তিনিই জাতীয় দলের প্রয়াত খেলোয়াড় রবিউদ্দিনকে হকিতে নিয়ে আসেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে বৈকালী সংঘ আধুনিক হকিচর্চা শুরু করে।
তাঁদের সম্পর্কে জানতে চাইলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হকি সম্পাদক তৌফিকুর রহমান বললেন, হকি খেলোয়াড় তৈরির পেছনে বৈকালী সংঘের যথেষ্ট অবদান রয়েছে।
রাজশাহী নগরে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ জাতীয় পর্যায়ে ‘আন্তস্কুল ও মাদ্রাসা প্রতিযোগিতায়’ ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে। এই কলেজের অধ্যাপক গোলাম মাওলা বলেন, তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুলের পাশাপাশি বৈকালী সংঘেও অনুশীলন করেন।
এই সংগঠনের খেলোয়াড়েরা রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় অবস্থিত কালেক্টরেট মাঠে অনুশীলন করেন। ১৩ অক্টোবর বিকেলে ওই মাঠে গিয়ে তাঁদের ৫০ জন খেলোয়াড়কে পাওয়া গেল। তাঁদের মধ্যে জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশরাফুল ইসলামও ছিলেন। যেকোনো প্রস্তুতি ম্যাচের জন্য এখনো তিনি মাঠে আসেন।
মাঠেই পাওয়া গেল সেনাবাহিনীর চার সদস্যকে। তাঁরা বৈকালী সংঘের সাবেক হকি খেলোয়াড়। তাঁরা হলেন নোবেল হোসেন, শুভ কুমার ঘোষ, মেহেদী হাসান ও মুস্তাকিন হোসেন। নোবেল হোসেন জানালেন, তাঁর পড়াশোনার খরচ চালানোর কোনো উপায় ছিল না। বৈকালী সংঘের কার্যালয়ে রাতে পড়েছেন। সংগঠনের পক্ষ থেকে বই-খাতা কিনে দেওয়া হয়েছে। এইভাবে খেলোয়াড় হয়েছেন। খেলোয়াড় কোটায় চাকরি পেয়েছেন।
মাঠে অনুশীলন করতে দেখা গেল পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিশুদেরও। বড়দের সঙ্গে তারাও প্রায় সন্ধ্যা পর্যন্তই অনুশীলনে থাকল। চলে যাওয়ার আগে খেলোয়াড়েরা সবাই গোল হয়ে দাঁড়াল। তারপর একটা শপথবাক্য পাঠ করল। সেখানে উচ্চারিত হলো, মিথ্যা কথা না বলা, নিয়মিত অনুশীলনে আসা, বাংলাদেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা ইত্যাদি শপথবাক্য।