বৈচিত্রময় দ্বিতীয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনসা দেবী ও চাঁদ সওদাগরের গল্প অন্য আর দশজন বাঙালির মতোই কায়সার হক জেনেছিলেন। মুখে মুখে শোনা সেসব গল্প তাঁকে এতটাই উদ্বুদ্ধ করে যে মনসার কাহিনি নিয়ে লিখে ফেললেন একটি বই দ্য ট্রায়াম্ফ অব দ্য স্নেক গডেস।
বাংলা একাডেমি প্রাঙ্গণে গতকাল ছিল ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন। হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত বইটির প্রকাশনা অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন নাট্যকার সৈয়দ জামিল আহমেদ ও নৃত্যশিল্পী লুবনা মারিয়াম।
সৈয়দ জামিল আহমেদ নির্দেশনা দিয়েছেন একটি নাটক বেহুলার ভাসান। আর লুবনা সম্প্রতি টাঙ্গাইলে ‘বেহুলার লাচারি’ নামে একটি পরিবেশনা আয়োজন করেছিলেন। আজ দুপুরে সেখানকার নৃত্যদল এসে সেটি দেখাবে।
কায়সার হক বলেন, বইটি লিখতে পদ্মপুরাণ বা মনসামঙ্গলসহ প্রায় আটটি সূত্র তিনি ব্যবহার করেছেন। সবগুলো থেকে নিয়েছেন, কিন্তু লিখেছেন নিজের মতো।
এ সময় লুবনা মারিয়াম বলেন, এ পূজা ভারতের উড়িষ্যা, আসাম, বিহার, মণিপুর, পশ্চিমবঙ্গেও প্রচলিত। বাংলাদেশেও অনেক হিন্দু-মুসলমান পূজা করে। একজন দর্শক বলেন, একই ব্যাপার বনবিবি, শীতলা দেবীর পূজার ক্ষেত্রেও।
বিকেলে আরেকটি অধিবেশনেও আসে বঙ্গদেশে এমন মুখে মুখে শোনা গল্পের ঐতিহ্যের কথা। অরুণা চক্রবর্তী ও জয়তী ঘোষ গল্প ও আবৃত্তি করে, গান গেয়ে বর্ণনা করেন কীভাবে মুখে মুখে যুগের পর যুগ টিকে আছে অনেক কাহিনি।
গতকাল প্রকাশিত হয় বিশ্বখ্যাত সাহিত্যবিষয়ক জার্নাল ওয়াসাফিরির বাংলাদেশ সংখ্যা। আহসান আকবর ও কাজী আনিস আহমেদ এ সংখ্যাটির অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে তাঁরা বলেন কীভাবে প্রকাশিত হলো অত্যন্ত মানসম্মত এ পত্রিকার বাংলাদেশ সংখ্যা। এখানে লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, আফসান চৌধুরীসহ একদল তরুণ বাংলাদেশি লেখক।
এ ছাড়া বাংলাদেশের সাহিত্যকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য ঢাকা ট্রান্সলেশন সেন্টারের পক্ষ থেকে ‘লাইব্রেরি অব বাংলাদেশ’ সিরিজে তিন বছরে বাংলাদেশের স্বনামধন্য ১২ লেখকের উপন্যাস ও গল্পসংকলনের অনুবাদ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল প্রকাশিত হয় সৈয়দ শামসুল হকের উপন্যাস ও হাসান আজিজুল হকের গল্পসংকলনের অনুবাদ। তিন দিনের এ সাহিত্য উৎসব শেষ হচ্ছে আজ।