বৈচিত্র্যময় আয়োজনে ৫০ বছরের গৌরবগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বর-বধূর সাজে, কারও হাতে শাপলা, দোয়েল বা ইলিশসহ বিভিন্ন জাতীয় প্রতীক; আছে পালকিও, কেউ বহন করছেন উদীয়মান সূর্যের প্ল্যাকার্ড বা রংবেরঙের ফেস্টুন।
এমনই বর্ণিল ছিল ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের সুবর্ণজয়ন্তীর শোভাযাত্রা। গতকাল শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীরা গত ৫০ বছরের গৌরবগাথা তুলে ধরেন। সকাল ১০টার দিকে শহরের ঝিলটুলী মহল্লায় অবস্থিত কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের হয়।
ফরিদপুর অঞ্চলে নারীদের জন্য প্রথম কলেজ হিসেবে ১৯৬৬ সালের ৮ আগস্ট যাত্রা শুরু করেছিল সারদা সুন্দরী কলেজ। কলেজের অধ্যক্ষ হাসিনা বানু বলেন, ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে এ কলেজের অবস্থান ছিল ৪৪তম এবং মহিলা কলেজগুলোর মধ্যে পঞ্চম। গতকাল দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কলেজের তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, স্মৃতিচারণা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা তিনটায় কলেজ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান।