বৈচিত্র্যময় শিল্পসম্ভার শিল্পীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের কলাকেন্দ্রে চট্টগ্রামের শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী ‘চর্চা, চর্যা, উদ্‌যাপন’ শুরু হয়েছে। প্রদর্শনীর শিল্পকর্ম দেখছেন এক দর্শক। গতকাল সন্ধ্যায়।
ছবি: তানভীর আহাম্মেদ

প্রকৃতির ওপর মানুষের খড়্গহস্ত, পরাক্রম। করোনা পরিস্থিতিতে বিচ্ছিন্ন জীবনযাপন। শক্তিকে অনুসন্ধানের ভেতর দিয়ে জীবনযাপনের কষ্ট ও গ্লানি জয়ের পর নতুন করে বাঁচার চেষ্টা। চলমান জীবনের বহুমাত্রিক উপলব্ধিকে এভাবেই তুলে ধরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিল্পীরা।

এ বছর চট্টগ্রামে প্রাতিষ্ঠানিক চারুকলা শিক্ষার অর্ধশত বছর পূর্তি হচ্ছে। একই সঙ্গে এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপিত হচ্ছে। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের কাজ নিয়ে ‘চর্চা, চর্যা, উদ্‌যাপন’ শিরোনামের এই শিল্পকলার প্রদর্শনী গতকাল শুক্রবার শুরু হলো মোহাম্মদপুরের ১/১১ ইকবাল রেডের কলাকেন্দ্রে। সন্ধ্যায় চট্টগ্রাম থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী, লেখক ও চট্টগ্রাম চারুকলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সবিহ্-উল আলম। বক্তব্য দেন শিল্পী আবুল মনসুর। কলাকেন্দ্রে উপস্থিত থেকে প্রদর্শনীর আয়োজন এবং চট্টগ্রামের চারুকলা চর্চা সম্পর্কে জানান শিল্পী ঢালী আল মামুন। স্বাগত বক্তব্য দেন কলাকেন্দ্রের পরিচালক শিল্পী ওয়াকিলুর রহমান।

প্রদর্শনীতে ২৭ জন শিল্পীর শিল্পকর্ম রয়েছে। ঢালী আল মামুন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব শিল্পী পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, তাঁদের এই প্রদর্শনীতে অন্তর্ভুক্ত করা হয়নি। যেসব শিল্পী অন্য পেশায় রয়েছেন, অনেক অসুবিধার ভেতরে থেকেও শিল্পচর্চা অব্যাহত রেখে তাঁরা নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছেন, সুবিধাবঞ্চিত সেই শিল্পীদেরই প্রদর্শনীর জন্য বাছাই করা হয়েছে। এই শিল্পীদের মধ্যে অনেকেই জাতীয় পর্যায়ের এবং দেশের বাইরেও অনেক প্রতিষ্ঠান ও প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের কাজের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এই প্রদর্শনীর শিল্পীদের কাজের ভেতর দিয়ে সেই বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যাবে।

অংশগ্রহণকারী শিল্পীরা হলেন অলক কুমার সরকার, আফসানা শারমিন, আবু নাসের, আশরাফুল হাসান, ইয়াসমিন জাহান, এমরান হোসেন, এস এম রিয়াদ, গোঁসাই পাহলভী, জয়দেব রোয়াজা, জয়তু চাকমা, জেসমিন আক্তার, তানভীর পারভেজ, তাসাদ্দুক হোসেন দুলু, দিলারা বেগম জলি, নিয়াজউদ্দীন আহম্মেদ, পলাশ ভট্টাচার্য, ফারাহ নাজ, ফাহাদ হাসান কাজমী, মনির মৃত্তিক, মুজাহিদ মুসা, মেহেরুন আক্তার, রাজীব দত্ত, রিপন সাহা, শতাব্দী সোম, সজীব সেন, সঞ্জয় বিকাশ দাশ ও সঞ্জীব দত্ত। প্রদর্শনী প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ২৩ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে।

সিঁড়ি বেয়ে চারতলায় গ্যালারিতে ঢোকার সময় চোখে পড়বে কনডেন্সড মিল্কের খালি কৌটা দিয়ে স্তম্ভ আকারের অলোক কুমার সরকারের ভাস্কর্য। মানবাকৃতির গাছ এঁকেছেন আশরাফুল হাসান। রঙিন কাপড়ের টুকরার কোলাজ করেছেন জেসমিন আক্তার। করোনা নিয়ে মিশ্র মাধ্যমের কাজ আছে সজীব সেনের। প্রতিদিনের নানা ঘটনার অভিব্যক্তি কালি–কলমের রেখায় ফুটিয়ে তুলেছেন ফারহা নাজ, মিশ্র মাধ্যমের একটি স্থাপনা আছে গোঁসাই পাহলভীর।