বৈচিত্র্যময় সংস্কৃতিকে সম্প্রীতির হাতিয়ারে পরিণত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষবরণ ও বিদায়ের উৎ​সব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উপলক্ষে গতকাল রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবিটি রাঙামাটি–চট্টগ্রাম সড়কের সেনাজোন এলাকা থেকে তোলা l প্রথম আলো
বর্ষবরণ ও বিদায়ের উৎ​সব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উপলক্ষে গতকাল রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবিটি রাঙামাটি–চট্টগ্রাম সড়কের সেনাজোন এলাকা থেকে তোলা l প্রথম আলো

পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতিকে সম্প্রীতির মূল হাতিয়ারে পরিণত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিরা। গতকাল বুধবার বিঝু সাংগ্রাই বৈসুক বিষু বিহু উৎসবকে ঘিরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের বর্ষবিদায় ও বরণের উৎসব ‘বিঝু সাংগ্রাই বৈসুক বিষু বিহু’ উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ১২ এপ্রিল। পাহাড়িরা এ উৎসবের মাধ্যমে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেয়। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন আয়োজন করে নানা অনুষ্ঠান।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে গতকালের সভায় প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম বলেন, সব সম্প্রদায় উৎসবকে প্রাণে ধারণ করতে হবে। এসব উৎসব সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামুসল আরেফিন বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ করে পাহাড়ে সম্প্রীতি ও সমৃদ্ধি আনা সম্ভব। এখানকার জনবৈচিত্র্য ও প্রাকৃতিক বৈচিত্র্য সবাইকে মুগ্ধ করে।
সভায় আরও বক্তব্য দেন রাঙামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবীর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মুছা মাতব্বর ও অংসুই প্রু চৌধুরী, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাগরিকা রোয়াজা, উন্নয়ন কর্মী লাল ছোয়াক পাংখুয়া, দয়ারাম তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা।
এর আগে সকাল ১০টায় রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে সেখানে বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজস্ব ভাষায় গান ও ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করেন।