
একুশে ফেব্রুয়ারির আগের দিন গতকাল সোমবার বইমেলা আড়ে-বহরে বেশ দেখাল। নবীন থেকে সাবেকি বইপ্রেমী, ইতিহাস অনুসন্ধানী গবেষক এবং যে বই না পড়লেই নয়, এমন আপ্তবাক্য মেনে আসা পাঠকের উপস্থিতি ছিল কাল। অনেকেই স্টলে স্টলে খোঁজ করেছেন ভাষা, ভাষা আন্দোলন আর দেশের ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে প্রকাশিত বইয়ের। সন্ধ্যাটা অপেক্ষায় ছিল একুশের প্রথম প্রহরের। সবার চোখেমুখে ছিল সোনালি সেই দিনের গর্ব।
লেখা বাহুল্য, আজ মেলার ২১তম দিনটি শ্রেষ্ঠতম দিন। অতীত সাক্ষী, আজ জনসমুদ্র আছড়ে পড়বে বাংলা একাডেমি প্রাঙ্গণে, সোহরাওয়ার্দী উদ্যানের সবুজ মাটিতে। আজ মেলা শুরু হবে সকাল আটটায় এবং চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। এর আগে সকাল সাড়ে সাতটায় অমর একুশে গ্রন্থমেলার মূলমঞ্চে রয়েছে স্বরচিত কবিতাপাঠের আসর। বিকেল চারটায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বক্তৃতানুষ্ঠান। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৈচিত্র্যের সন্ধানে
মেলায় বরাবরই কবিতা, উপন্যাস, গল্পের মতো সৃজনশীল সাহিত্যের বই বেশি প্রকাশিত হয়। বিক্রিও বেশি। তবে এসবের পাশাপাশি গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও পাঠকদের চাহিদায় মননশীল, গবেষণাধর্মী বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে। বিষয়টি প্রকাশকদের আশাবাদী করেছে। মননশীল এবং বিষয়ের দিক থেকে বৈচিত্র্যময় বই প্রকাশের উদ্যোগ নিচ্ছেন তাঁরা।
অ্যাডর্ন পাবলিকেশনসের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসাইন বললেন, ‘আগে মননশীল বইয়ের নির্দিষ্ট শ্রেণির পাঠক ছিলেন। গত কয়েক বছর থেকে লক্ষ করছি, নিয়মিত ক্রেতা ছাড়াও এ ধরনের বইয়ের নতুন ক্রেতার সংখ্যা বাড়ছে।’ একই মন্তব্য প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদের। তিনি বলেন, প্রথমা প্রকাশনে এবারের মেলায় আসা আনিসুল হকের উপন্যাস প্রিয় এই পৃথিবী ছেড়ে বইটি নতুন বিক্রির তালিকার শীর্ষে আছে সত্যি, তবে এবার পাঠকদের চাহিদায় বেশ বৈচিত্র্য লক্ষণীয়। প্রথমার মোট প্রকাশনার অর্ধেকের বেশি মননশীল বই।
মেলা শুরু হওয়ার পর গতকাল প্রথমবার দেখা হলো বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সভাপতি আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনির সঙ্গে। সমিতির প্যাভিলিয়নেই ছিলেন। বললেন, ‘এখন আর উপন্যাস, কবিতার একচেটিয়া প্রাধান্য নেই। তরুণ প্রজন্ম সৃজনশীল সাহিত্যের পাশাপাশি নানা ধরনের প্রবন্ধ ও গবেষণাধর্মী বই কিনতে আগ্রহী। এটি আমাদের মানসম্মত বই প্রকাশে উৎসাহিত করেছে।’ তিনি বলেন, তাঁর প্রতিষ্ঠান থেকে প্রকাশিত শেখ হাসিনার নির্বাচিত প্রবন্ধ বইটির চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি হুমায়ুন আজাদ, আহমদ শরীফের বইগুলো যথেষ্ট ভালো বিক্রি হচ্ছে। ফরিদ কবিরের স্মৃতিকথা আমার গল্প বইটি প্রকাশের প্রথম দিন থেকে পাঠকের পছন্দের তালিকায় আছে। ছেলে হুমায়ূন আহমেদকে উদ্দেশ করে মা আয়েশা ফয়েজের লেখা কথামালা নিয়ে তাম্রলিপি বের করেছে শেষ চিঠি নামের বই। তাম্রলিপির বিক্রির শীর্ষ তালিকায় ওপরের দিকে এই বই আছে বলে তথ্য দিলেন প্রতিষ্ঠানের কর্ণধার এ কে এম তারিকুল ইসলাম। সময় প্রকাশনের প্রকাশক লেখক হুমায়ূন আহমেদকে নিয়ে লিখেছেন ফরিদ আহমেদের প্রকাশকনামা ও হুমায়ূন আহমেদ। এটি সময় প্রকাশনের মেলায় ব্যতিক্রমী সংযোজন। বিক্রিও হচ্ছে যথেষ্ট।
লোকসংস্কৃতি গবেষক ও সাংবাদিক সুমনকুমার দাশের গত ১০ বছরের পরিশ্রমী সম্পাদনায় অন্বেষা প্রকাশন থেকে বেরিয়েছে ১২ খণ্ডের বাউল-ফকির পদাবলি। এসব সংকলনকে বাংলার জল-মাটি-হাওয়াঘেঁষা সংস্কৃতির প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত মন্তব্য করে প্রকাশক মো. শাহাদত হোসেন বলেন, বড় আকৃতির ভলিউম হলেও পাঠকেরা এগুলোর প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছে।
এ পর্যন্ত এসেছে ২ হাজার ৪৮৪টি নতুন বই
বাংলা একাডেমির দেওয়া তথ্যানুযায়ী, এবারের মেলার গতকাল ২০তম দিন পর্যন্ত ২ হাজার ৪৮৪টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে একুশ ও ভাষা আন্দোলন-সম্পর্কিত বই প্রকাশিত হয়েছে ৮ থেকে ১০টি। এর মধ্যে বিপ্লবীদের কথা প্রকাশ করেছে আহমদ রফিকের ভাষা-আন্দোলনে ইতিহাস বিকৃতি: তমদ্দুন মজলিস ও কমিউনিস্ট পার্টি। নালন্দা প্রকাশ করেছে এম আর মাহবুবের একুশের স্মারক, অবসর প্রকাশ করেছে সৌরভ সিকদারের বাংলা ভাষা বাংলাদেশের ভাষা ইত্যাদি।
এ ছাড়া এবারের মেলায় পারিজাত প্রকাশনী এনেছে মাহবুব কামালের প্রবচনগুচ্ছ। শিখা প্রকাশনী এনেছে চৌধুরী জাফরউল্লাহ শারাফাতের চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলছি।