বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরের এক শিশুকে যৌন হয়রানি ও তার ভিডিও-দৃশ্য ফেসবুক-ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ঈশ্বরদী উপকেন্দ্রের এক বৈজ্ঞানিক সহকারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিশুটির মা বিচারের দাবি জানিয়ে বিনা উপকেন্দ্র কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। গত মঙ্গলবার বিকেলে ওই বৈজ্ঞানিক সহকারীকে বরখাস্ত করা হয়।
বিনা ও বিনার শ্রমিক-কর্মচারী সূত্রে জানা যায়, শিশুটির মা ওই বিনা উপকেন্দ্রের একজন খামারশ্রমিক। ২৬ এপ্রিল তিনি ঘটনার বিচার দাবি করে উপকেন্দ্রের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। এতে তিনি উল্লেখ করেন, তাঁর মেয়ে একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। কয়েক দিন আগে বিনার ঈশ্বরদী উপকেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী সোহরাব হোসেন তাঁর শিশুমেয়েকে ফুসলিয়ে বিনার আবাসিক কোয়ার্টারের একটি বাসায় নিয়ে যৌন হয়রানি করেন। বাড়িতে ফিরে শিশুটি এ ঘটনা মাকে জানায়। পরবর্তী সময়ে এলাকাবাসীও ফেসবুকে ও ইন্টারনেটে ঘটনা দেখেছেন বলে তিনি জানতে পারেন। এতে এলাকাবাসী ও বিনার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে সুষ্ঠু তদন্ত ও সোহরাব হোসেনের বিচারের দাবি জানিয়ে তিনি লিখিত অভিযোগটি দেন। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনা ময়মনসিংহে বিনার প্রধান কার্যালয়ে জানানো হয়। সেখানকার নির্দেশে গত মঙ্গলবার বিকেলে ওই বৈজ্ঞানিক সহকারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
শিশুটির মা বলেন, তিনি একজন দরিদ্র শ্রমিক। ওই ঘটনার পর থেকে তিনি মেয়েকে বাড়ির বাইরে যেতে দিচ্ছেন না। কিন্তু মামলা করার মতো সামর্থ্য তাঁর নেই। তাই বিচার ও তদন্তের জন্য বিনা কার্যালয়ে অভিযোগ করেছেন।
বিনার শ্রমিকেরা বলেন, ঘটনার পর সোহরাব হোসেন মায়ের অসুস্থতার কথা বলে ১৯ এপ্রিল থেকে ১৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে গেছেন। ঘটনাটি জানাজানি হয়েছে টের পেয়ে সোহরাব ছুটি নিয়ে সটকে পড়েছেন বলে এসব শ্রমিক ধারণা করছেন।
বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোকনুজ্জামান বলেন, ‘আমরা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’