বৈজ্ঞানিক কর্মকর্তাসহ আট জেলায় নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত ড. মনসুর রহমান
সড়ক দুর্ঘটনায় নিহত ড. মনসুর রহমান

রাজশাহীর মোহনপুরে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মনসুর রহমান (৬০) নিহত হয়েছেন। আর বগুড়ার শেরপুরে গতকাল দুপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন চারজন।

এ ছাড়া রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও সাতজন। এ নিয়ে গত ১৩০ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ হাজার ১৪০ জনের।

প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মনসুর রহমান নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজ বাসায় থাকতেন। আহত চালকের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ভোরে ব্যক্তিগত গাড়িতে করে মনসুর রহমান নওগাঁর ধামুইরহাটের মঙ্গলবাড়িতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। মোহনপুরের বিদ্যাধরপুর ও কালিনা ব্রিজের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক মনসুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত গাড়িচালক শরিয়ত আলী (৩২) রাজশাহীর নওদাপাড়ার আজাহার আলীর ছেলে।

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত চারজনের মধ্যে গতকাল সন্ধ্যা পর্যন্ত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ট্রাকচালক ইমরান হোসেন (২৮)। তাঁর বাড়ি বগুড়ার সদর উপজেলার সরলপুর গ্রামে। দুর্ঘটনার পর বেলা আড়াইটা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে বাস, ট্রাকসহ কয়েক শ যানবাহন আটকে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকায় গতকাল বাসচাপায় ইমরান হোসেন (৩০) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার তোপাদি গ্রামের শওকত আলীর ছেলে। আশুলিয়া থানার এসআই নাহিদ হোসেন বলেন, ইমরান সকালে এক ব্যক্তিকে নিয়ে মোটরসাইকেলে করে রাজবাড়ীতে তাঁর শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে নবীনগর এলাকায় সেনা অডিটরিয়ামের সামনে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁদের চাপা দেয়।

রাজধানীর মিরপুর-২-এ ফুটওভারব্রিজের নিচে সকালে এক দুর্ঘটনায় তেজগাঁও পলিটেকনিকের ছাত্র আবুল হাসেম নিহত হন। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাটারাকান্দি গ্রামের হোসেন আলীর ছেলে। তাঁর ভাই আবুল কাশেম বলেন, মিরপুর থেকে উত্তরা যাচ্ছিলেন হাসেম। একপর্যায়ে বাসের জানালা দিয়ে মাথা বাইরে বের করলে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

কুষ্টিয়ার মিরপুরের কচুবাড়িয়া এলাকায় গতকাল দুপুরে নছিমন উল্টে আবদুস সাত্তার নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সাত্তার মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়কের তিতাস উপজেলার দড়িকান্দি সেতুর কাছে গতকাল সকালে ট্রাকচাপায় হৃদয় আহমেদ (১৮) নামের সিএনজিচালিত অটোরিকশার এক আরোহী নিহত হন। তিনি তিতাসের শাহপুর গ্রামের শওকত আলীর ছেলে।

গোপালগঞ্জের মুকসুদপুরের চরপ্রসন্নর্দী এলাকায় গতকাল সকালে থ্রি-হুইলার খাদে পড়ে এর চালক নুরুল ইসলাম (৩০) নিহত হন। তাঁর বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়।

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে গত বৃহস্পতিবার রাতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আসগর আলী। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে রংপুর-সৈয়দপুর মহাসড়কের চিকলী বাজার এলাকায় গত বৃহস্পতিবার রাতে নৈশ কোচের সঙ্গে ব্যাটারিচালিত অটো ভ্যানের সংঘর্ষে চাপা পড়ে ভ্যানচালক মো. আলম উদ্দিন (৪০) নিহত হন। তাঁর বাড়ি রংপুরের নেকীরহাট গ্রামে।