এখনো মহাজোটেই আছি, ঘোষণার কী আছে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ একান্তে বৈঠক করেছেন। রাজনৈতিক গুরুত্বপূর্ণ সময়ে দুই নেতা এই বৈঠক করলেন। বৈঠকের পর এরশাদের কাছে আগামী নির্বাচনেও মহাজোটগতভাবেই অংশগ্রহণ করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো তো মহাজোটেই আছি।’ গাজীপুরের সিটি নির্বাচনে মহাজোটকে জাতীয় পার্টি সমর্থন দেবে কি না, জানতে চাইলে এ বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু জানাননি। তবে তিনি বলেন, ‘আমরা তো এখনো মহাজোটেই আছি। আর গাজীপুরে তো স্থানীয় নির্বাচন হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার কী আছে।’ তবে মহাজোটকে নিষ্ক্রিয় রাখার জন্য অসন্তোষ প্রকাশ করেন এরশাদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়। বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয়টা ১০ মিনিট পর্যন্ত স্থায়ী এ বৈঠকে দুই নেতার সঙ্গে অন্য কেউ ছিলেন না বলে জানা গেছে।

বৈঠকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে জাতীয় পার্টির সমর্থন, নির্বাচনকালীন সরকারপদ্ধতিসহ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠক থেকে বেরিয়ে এইচ এম এরশাদ সাংবাদিকদের বলেন, ‘সৌজন্যসাক্ষাত্ করতে এসেছিলাম। অনেক দিন দেখা হয় না, কথা হয় না। দেখা করলাম কথা বললাম।’

কী বিষয়ে কথা হলো, জানতে চাইলে তিনি বলেন, ‘আসন্ন গাজীপুর সিটি নির্বাচন, আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।’

দুই দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচ এম এরশাদের কাছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে সর্বাত্মক সমর্থন চান। এ ছাড়া মহাজোটসহ আগামী নির্বাচন নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।

এরশাদের অসন্তোষ

এইচ এম এরশাদ মহাজোটকে নিষ্ক্রিয় রাখার জন্য অসন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া গত কয়েক বছরে সিটি করপোরেশন নির্বাচন ও উপনির্বাচনে প্রার্থী সমর্থন বা মনোনয়ন নিয়ে জাতীয় পার্টি বা মহাজোটের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত চার সিটি করপোরেশন নির্বাচন বিষয়েও মহাজোট বা জাতীয় পার্টির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে তিনি জানান। ক্ষমতার সাড়ে চার বছরে জাতীয় পার্টির যথাযথ মূল্যায়ন হয়নি বলে এরশাদ জানান।

উচ্চপর্যায়ের সূত্র জানায়, গাজীপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন প্রসঙ্গে এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীকে জানান, ওই এলাকায় জাতীয় পার্টি-সমর্থিত কোনো প্রার্থী নেই। এরই মধ্যে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। এইচ এম এরশাদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যেহেতু স্থানীয় নির্বাচনে সরাসরি সমর্থনের সুযোগ নেই, তাই তিনি এরই মধ্যে জাতীয় পার্টির স্থানীয় নেতাদের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলে দিয়েছেন।

সূত্র জানায়, এইচ এম এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ-ও বলেছেন, গাজীপুরে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মধ্যে অনৈক্য আছে। নির্বাচনে জয়ের জন্য আগে আওয়ামী লীগের দলীয় ঐক্য জরুরি। তবে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে জাতীয় পার্টির পূর্ণ সমর্থনের আশ্বাস দেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী মহাজোটকে আরও সক্রিয় করার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে আগামী সাধারণ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার ব্যাপারেও তাঁদের মধ্যে আলোচনা হয়।

দুই দিন আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করে গাজীপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন কামনা করেন। ওই বৈঠকের ধারাবাহিকতা থেকেই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এইচ এম এরশাদের মধ্যে বৈঠক হয়।