খালেদার সঙ্গে বৈঠককারীদের খোঁজ নিচ্ছে সরকার
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তাঁদের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, গোয়েন্দা প্রতিবেদনসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য পরীক্ষা ও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
আজ রোববার নিজকক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়নি। কমিটি গঠনের আগে যেসব প্রাথমিক কাজ করা প্রয়োজন তা জনপ্রশাসন মন্ত্রণালয় করছে। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের আচরণ কাম্য নয়। তাঁরা শৃঙ্খলা ভাঙতে পারেন না। তাই সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে। এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কারা সেখানে গিয়েছিলেন এবং ঘটনার সত্যতা কতটুকু—তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
প্রশাসনের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন কর্মকর্তা গত বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে বৈঠক করেছেন। সূত্র জানায়, সাবেক ও বর্তমান মিলিয়ে ২৫-৩০ জন কর্মকর্তা বৈঠকে অংশ নেন। তাঁদের সঙ্গে রাত সাড়ে নয়টা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন খালেদা জিয়া। পরদিন শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সার্ক সম্মেলনে যোগ দেওয়া এবং মালয়েশিয়া সফর সম্পর্কে গণভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথিত বৈঠকসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের জবাব দেন। সেখানে তিনি বলেন, সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী আইনের বরখেলাপ করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মানুষের মনে সন্দেহ জাগে, এত গভীর রাতে ডাকা হলো কেন? এটা আগেও ঘটেছে। উত্তরা ষড়যন্ত্রের কথা আপনাদের তো মনে আছে।
আরও জানতে পড়ুন: