বৈঠকখানা ও ভাড়া বাড়িতে চলে পাঁচ ইউপির কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামপুর উপজেলার বেলগাছা ইউয়িন পরিষদের ভবন নদীগর্ভে বিলীন হওয়ার পর এভাবেই  একটি টিনশেড ঘরে চলছে কার্যক্রম। সম্প্রতি উপজেলার গুঠাইল বাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
ইসলামপুর উপজেলার বেলগাছা ইউয়িন পরিষদের ভবন নদীগর্ভে বিলীন হওয়ার পর এভাবেই একটি টিনশেড ঘরে চলছে কার্যক্রম। সম্প্রতি উপজেলার গুঠাইল বাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবন যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে অনেক আগেই। বিলীন হলেও এসব স্থাপনা আর নির্মিত হয়নি। চেয়ারম্যানদের বাড়ির বৈঠকখানা আর ভাড়া করা বাড়িতে চলে কার্যক্রম। এতে ইউনিয়নবাসীরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। স্থায়ী কার্যালয় না থাকায় স্বাভাবিক কার্যক্রমও হচ্ছে ব্যাহত।
উপজেলা পরিষদ সূত্র জানায়, ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে পাঁচটির ইউপি ভবন ২২ থেকে ছয় বছর আগে নদীর গর্ভে চলে যায়। এর মধ্যে ১৯৯৩ সালে সাপধরী, ১৯৯৬ সালে কুলকান্দি, ২০০৫ সালে বেলগাছা, ২০০৬ সালে নোয়ারপাড়া ও ২০১০ সালে চিনাডুলী ইউপির ভবন নদীতে বিলীন হয়।
সাপধরী ইউনিয়নের চরশিশুয়া গ্রামের আজিজুর রহমান বলেন, ২২ বছর আগে ইউপির পাকা ভবন নদীগর্ভে চলে যায়। এরপর যে যখন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তখন তাঁর বাড়ি অথবা সুবিধাজনক স্থানে অস্থায়ীভাবে কার্যক্রম চলে আসছে। নিজস্ব ভবন না থাকায় অস্থায়ী কার্যালয় নিয়মিত খোলাও হয় না। প্রয়োজনীয় কাজকর্ম ছাড়া পরিষদে দেখা যায় না চেয়ারম্যান ও সদস্যদের। এতে ইউনিয়নের অনেক উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, গুঠাইল এলাকায় চেয়ারম্যানের বাড়ির আঙিনার একটি গাছের ডালে চিনাডুলি ইউপির সাইনবোর্ড ঝুলছে। ওই গাছের নিচেই একটি টিনশেডের ভাঙাচোরা ঘরেই চলে পরিষদের কার্যক্রম। ঘরের ভেতরে কিছু টেবিল ও চেয়ার ছাড়া তেমন কোনো আসবাব নেই। ওই ঘর থেকেই পরিষদের সব সেবা দেওয়া হয়।
নেয়ারপাড়া ইউপির কার্যক্রম চলে উলিয়া বাজার এলাকায় চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যানের বাড়িতে ঢুকতেই চোখে পড়বে গাছের ডালে ঝুলে থাকা ইউপির সাইনবোর্ড। একটি টিনশেড ঘরে চলে কার্যক্রম। এখানেও মানসম্পন্ন কোনো আসবাব নেই।
গুঠাইল বাজার এলাকার একটি গলির ভেতর বেলগাছা ইউপির সাইনবোর্ড ঝুলতে দেখা যায়। গলির ভেতরে একটি ভাঙাচোরা ঘরে ইউপির কার্যক্রম চলে। ওই ঘরে একসঙ্গে ২০ জন মানুষও বসা যায় না। ঘরটির একটি কক্ষে চেয়ারম্যান বসেন। অপর একটি কক্ষে তথ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সাপধরী ইউপির কার্যক্রম চলছে মণ্ডলপাড়া বাজারের ভাড়া করা ঘরে। একইভাবে কুলকান্দি ইউপির কার্যক্রম চলছে চেয়ারম্যানের বাড়িতে।
ইউনিয়নগুলোর ১৩ জন বাসিন্দা অভিযোগ করে বলেন, স্থায়ী কার্যালয় না থাকায় পরিচয়পত্র, জন্ম ও মৃত্যুসংক্রান্ত সনদ এবং গ্রাম্য আদালতের বিচার পেতে তাঁদের বিড়ম্বনায় পড়তে হয়। নিয়মিত কর্মস্থলে না আসায় জরুরি প্রয়োজনেও অস্থায়ী পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ও সচিবকে খুঁজে পাওয়া যায় না। গুদামঘর না থাকায় টিআর, জিআর, ভিজিএফ, ভিজিডিসহ সরকারি বিভিন্ন ত্রাণসামগ্রী এলাকায় আনেন না অনেক চেয়ারম্যান। এতে অনেক গরিব লোক ত্রাণ থেকে বঞ্চিত হন।
বেলগাছা ইউপির সচিব বজলুল করিম বলেন, ভাড়া করা ঘরে পর্যাপ্তসংখ্যক টেবিল ও চেয়ার নেই। ঘরের মধ্যে জায়গাও কম। এ কারণে কাজ করার পরিবেশ নেই। শৌচাগারের অবস্থাও খুব শোচনীয়। একটি কক্ষে চেয়ারম্যান, সচিব ও সদস্যদের গাদাগাদি করে বসতে হয়।
নোয়ারপাড়া ইউপির চেয়ারম্যান মো. মশিউর রহমান বলেন, ১০ বছর আগে পরিষদের ভবন নদীগর্ভে চলে যাওয়ার পর থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনেক আবেদন করেও কোনো লাভ হয়নি। অস্থায়ী কার্যালয়ে বসার জায়গা নেই। স্থানীয় সরকারের সেবাগুলো ভ্রাম্যমাণ অবস্থায় দেওয়া হচ্ছে। ভিজিএফ, ভিজিডি ও সরকারি বিভিন্ন ত্রাণসামগ্রী জায়গার অভাবে একেক সময় একেক জায়গা থেকে বিতরণ করতে হচ্ছে।
এ ব্যাপারে জামালপুরের জেলা প্রশাসক মো.শাহাবুদ্দিন খান বলেন, সরকার ওই পাঁচটি ইউপির নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দুটির জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। বাকি তিনটির জন্য স্থানীয় লোকজন স্থান নির্ধারণের বিষয়ে একমত হতে পারছেন না। জায়গা নির্ধারণ ও প্রাপ্তির সমস্যার কারণে এগুলোর জন্য ভবন নির্মাণ করা যাচ্ছে না।