একটি বাড়ির ভাঙাচোরা বৈঠকখানার মেঝেতে মাদুর বিছিয়ে চলছে পাঠদান। কোনো আসবাব নেই। এ করুণ দশা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।স্থানীয় সূত্রে জানা গেছে, ভবন না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের এভাবে কষ্ট করে ক্লাস করতে হচ্ছে। বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য সরকার টাকাও বরাদ্দ দিয়েছিল। কিন্তু জায়গা নিয়ে দুই পক্ষ মামলা করায় আর নির্মাণ করা যায়নি।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমত আরা বেগম অভিযোগ করেন, আসবাব বিদ্যালয় পরিচালনা কমিটির আগের সভাপতি রুবেল কাজীর বাসায় রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, বর্তমান ইউপি চেয়ারম্যানের ছেলে রুবেল কাজী বিদ্যালয়ের আসবাব আটকে রেখেছেন।অস্থায়ী বিদ্যালয় থেকে সাত কিলোমিটার দূরে ইলিশা এলাকার লক্ষ্মীর চর কোড়ালিয়া মসজিদ ও আশপাশের বেশ কয়েকটি ঘরে বিদ্যালয়ের বেঞ্চ, চেয়ার ও টেবিল দেখা গেছে। শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিহাব হোসেন বেঞ্চ পেতে চৌকি তৈরি করেছেন। সেখানে কয়েকটি চেয়ার ও টেবিল রয়েছে।এলাকাবাসী জানায়, ইউনিয়নের গাগুরিয়া গ্রামে ১৯৪৩ সালে গাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। কয়েকবার মেঘনার ভাঙনে পড়ায় ১৯৯৮ সালে এটি নদীর ওপারে শ্রীপুর মৌজায় স্থানান্তর করা হয়। এপারেও ভাঙনে পড়ে স্কুলটি। এখন আর বিদ্যালয়ের নিজস্ব কোনো ভবন নেই। হারুন মাতব্বরের বৈঠকখানায় এখন কার্যক্রম চলে। বিদ্যালয়টি আগের স্থানে (গাগুরিয়া গ্রামে) নিয়ে আসা উচিত। কারণ, এই গ্রামে কোনো বিদ্যালয় না থাকায় এখানকার চার শতাধিক শিশু তেতুলিয়া নদী পাড়ি দিয়ে শ্রীপুরে গিয়ে পড়াশোনা করতে পারছে না। তা ছাড়া শ্রীপুরে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৫ মার্চ এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাস সরেজমিনে তদন্ত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেন। এতে তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন স্থানে স্থানান্তরের সুপারিশ করেন। একই বছর মে মাসে অনুষ্ঠিত উপজেলা উন্নয়ন কমিটির সভায় বিদ্যালয়টি আগের স্থানে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।উপজেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশ ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় শ্রীপুর থেকে গাগুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত হওয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি রুবেল কাজী আদালতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন। এরপর গাগুরিয়া গ্রামের ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম আগের স্থানে বিদ্যালয়টি ফিরিয়ে নেওয়ার জন্য মেহেন্দিগঞ্জ সহকারী জজ আদালতে আরেকটি মামলা করেন। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান বলেন, বিদ্যালয়টি নিয়ে মামলা রয়েছে। এ কারণে আগের স্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। আসবাব আটকে রাখার বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রুবেল কাজী বলেন, ‘আমি আগে ওই স্কুলের সভাপতি ছিলাম। তখনো বিদ্যালয়ে আসবাব ছিল। এখন যেহেতু আমি সভাপতি নেই, সেহেতু ওগুলো কী অবস্থায় আছে তা আমি জানি না।’