২৪টি ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ জঙ্গি বিমান এবং পাঁচটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার কেনার চুক্তি চূড়ান্ত করতে রাশিয়ার সঙ্গে বৈঠক শুরু হয়েছে ঢাকায়। তবে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট চার মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি বৈঠকে থাকছেন না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের শেষ সময়ে কেনাকাটা-সংক্রান্ত ঝুঁকি এড়াতে চার মন্ত্রণালয়ের (প্রতিরক্ষা, অর্থ, পররাষ্ট্র ও আইন) কর্মকর্তারা বৈঠকে অনুপস্থিত থাকছেন। ১ সেপ্টেম্বর থেকে বিমান সদর দপ্তরে ১৬ দিনের এ বৈঠক শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন।
বৈঠকে অনুপস্থিতির ব্যাপারে জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমাকে কেউ কিছু বলেনি।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য আট হাজার কোটি টাকার (এক বিলিয়ন ডলার) ঋণচুক্তি করেছে সরকার। ঋণের অর্থে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান, পন্টুন সেতু, প্রশিক্ষণ বিমান, সামরিক হেলিকপ্টারসহ বিভিন্ন সরঞ্জাম কেনা হচ্ছে। ঋণের শর্তানুসারে প্রতিটি ক্রয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চুক্তি হওয়ার কথা।
তবে প্রতিরক্ষা নীতি না থাকায় কীসের ভিত্তিতে এসব কেনাকাটা হচ্ছে, তা স্পষ্ট করে কেউ বলছেন না। বিমানবাহিনীর সাবেক একজন প্রধান এ নিয়ে প্রশ্ন তোলেন। প্রথম আলোকে তিনি বলেন, একসঙ্গে ২৪টি জঙ্গি বিমান কেনার কী প্রয়োজন?
বিমানবাহিনী সূত্র জানায়, ঋণের অর্থে প্রথমে কেনা হচ্ছে ২৪টি ইয়াকোভলেভ ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ জঙ্গি বিমান (ফাইটার ট্রেনিং প্লেন) ও এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার। রাশিয়ার সমরাস্ত্র আমদানি-রপ্তানি প্রতিষ্ঠান রোসোবোরোন এক্সপোর্ট সরবরাহ করবে। এ জন্য বিমানবাহিনীসহ প্রতিরক্ষা, অর্থ, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি রাশিয়ার সঙ্গে আলোচনা করে খসড়া চুক্তি নিরীক্ষণ, আলোচনা ও চুক্তি চূড়ান্ত করবে। এ জন্য বিভিন্ন সময়ে কমিটির সভাও ডাকা হয়। কিন্তু দেখা গেছে, সেখানে কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন না।
সর্বশেষ ২ সেপ্টেম্বর বিমানবাহিনীর পরিচালন ও প্রশিক্ষণ শাখা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, ২৪টি ওয়াইএকে-১৩০ বিমান কেনার চুক্তির ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিমানবাহিনী সদর দপ্তরে যৌথ সভা ডাকা হয়েছে। এতে রাশিয়ার প্রতিনিধিদল অংশ নিচ্ছে। কিন্তু সেই সভায় চার মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না। চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
জানতে চাইলে অর্থসচিব ফজলে কবীর প্রথম আলোকে বলেন, ‘আমরা এমন চিঠি পাইনি। তবে মনে হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে কোনো চিঠি পাঠানো হয়ে থাকতে পারে। কারণ, বিষয়টি তাঁদের এখতিয়ারভুক্ত। কোনো বৈঠকে আমন্ত্রণ জানালে না যাওয়ার প্রশ্নই ওঠে না।’ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুক্তির আওতায় প্রথমবারের মতো ওয়াইএকে-১৩০ বিমান কেনা হচ্ছে। তবে ইতিমধ্যে তিনটি এমআই-১৭১এসএইচ রাশিয়া থেকে কেনা হয়েছে। এসব কপ্টার বাহিনীতে অন্তর্ভুক্তও হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইরকুত করপোরেশনের তৈরি ওয়াইএকে-১৩০ বিমানগুলো দুই আসনবিশিষ্ট প্রশিক্ষণ জঙ্গি বিমান, যা হালকা ধরনের আক্রমণে ব্যবহারের উপযোগী। ১৯৯১ সালে এটি তৈরির কাজ শুরু হয় এবং আনুষ্ঠানিকভাবে ২০০৯ সাল থেকে রাশিয়ার বিমানবাহিনী এ প্রশিক্ষণ বিমানটি ব্যবহার শুরু করে। উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ বিমানটি চতুর্থ প্রজন্মের বেশ কিছু বিমান এবং পঞ্চম প্রজন্মের শুখই টি-৫০ বিমানের বিকল্প হিসেবে বিবেচিত হয়ে আসছে। হালকা ধরনের হামলার উপযোগী এ বিমানে সর্বোচ্চ তিন হাজার কেজির সামরিক রসদ পরিবহন করা সম্ভব।
এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার প্রতিকূল আবহাওয়ায় নিরাপদে উড্ডয়ন করতে পারে। এতে অতিরিক্ত জ্বালানি সংযোজনের ব্যবস্থা রয়েছে। এতে করে কপ্টারটি বেশি সময় ধরে উড্ডয়ন করতে পারে। এতে রকেট, ভারী মেশিনগান, বোমা ও হালকা মেশিনগান বহন করা যায়। চতুর্থ প্রজন্মের প্রতিটি কপ্টারের মূল্য প্রায় ১২৫ কোটি টাকা।
সশস্ত্র বাহিনী বিভাগের সূত্র জানায়, রাশিয়া থেকে পাওয়া ঋণ ব্যবহারের সময়কাল ২০১৩-১৭ সাল পর্যন্ত। এর পরও চুক্তির মেয়াদ বাড়ানো যাবে। তবে ২০১৮ সালের ১৫ এপ্রিল থেকে ২০ কিস্তিতে ১০ বছর ধরে এ ঋণ পরিশোধ করা হবে। এ জন্য বার্ষিক সুদ দিতে হবে সাড়ে ৪ শতাংশ। পুরো অর্থ সেনাবাহিনীর বার্ষিক বাজেট থেকে পরিশোধ করা হবে। এ চুক্তির আওতায় অস্ত্র ও সরঞ্জাম কেনা হবে ২০১৭ সালের মধ্যে এবং ঋণ শোধ করা শুরু হবে ২০১৮ সাল থেকে।
উল্লেখ্য, সুইডেনভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, অস্ত্র আমদানিকারক হিসেবে বাংলাদেশের অবস্থান ২৪তম। এ প্রতিষ্ঠানের তথ্যমতে, ২০১১ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৪০তম। কিন্তু প্রায় দুই হাজার ৫৩০ কোটি টাকার অস্ত্র কেনার ফলে অবস্থান এগিয়ে গেছে। তালিকায় অস্ত্র আমদানিকারক হিসেবে ভারত প্রথম, চীন দ্বিতীয় ও পাকিস্তান পঞ্চম অবস্থানে আছে।
এসআইপিআরইর পরিসংখ্যান অনুযায়ী, ১৯৮৮ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশ দুই হাজার ৭৭৩ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অস্ত্র আমদানি করেছে।