বৈঠকে সমঝোতা হয়নি, সাতজনের নাম কেন্দ্রে
আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলগত কৌশল নির্ধারণ ও ভালো ফলাফলের প্রত্যাশাকে সামনে রেখে লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী নির্ধারণী বোর্ডের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে এ সভা হয়।
বৈঠকটি গতকাল বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয়ে চলে রাত সাড়ে নয়টা পর্যন্ত। তবে ওই বৈঠকে সমঝোতা না হওয়ায় পৌরসভা দুটির মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী সাত প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়। সেখানেই প্রার্থী চূড়ান্ত করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় সূত্রে জানা যায়, যাঁদের নাম পাঠানো হয়েছে তাঁরা হলেন লালমনিরহাট পৌরসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ও জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক রেজাউল করিম। এ ছাড়া পাটগ্রাম পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগের নেতা শমসের আলী ও পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।
জেলা পরিষদ প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সাংসদ সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও লালমনিরহাট-৩ আসনের সাংসদ আবু সালেহ মো. সাঈদ, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পৌর মেয়র পদে দলীয় একক প্রার্থী নির্ধারণের জন্য এ বৈঠক হয়।