বৈঠকে হামলা, কাউন্সিলরসহ আহত ২
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর কার্যালয়ে বৈঠক চলাকালীন সন্ত্রাসী হামলায় এক কাউন্সিলরসহ দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর এলাকার আজিম উদ্দিনের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তিরা হলেন পৌর কাউন্সিলর মুসা মিয়া ও তাঁর ভাই মোশাররফ হোসেন। আহত দুজনের মধ্যে মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বারইয়ারহাট পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইমাম হোসেন (২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর) জানান, জেএসসি পরীক্ষা চলাকালীন দুজন ছেলের মধ্যে মেয়ে পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করা নিয়ে কথা-কাটাকাটি হয়। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় যুবক মিলন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুসা মিয়াকে অনুরোধ করেন। ওই ঘটনা মীমাংসার জন্য পৌর কার্যালয়ে আলোচনা চলাকালে একপর্যায়ে আজিম উদ্দিন খেপে গিয়ে কাউন্সিলর মুসার ওপর হামলা চালান। এ সময় মুসার ভাই মোশাররফ মুসাকে বাঁচাতে এগিয়ে এলে আজিম ছুরি দিয়ে মোশাররফ হোসেনকে কুপিয়ে আহত করেন। ইমাম হোসেন জানান, আহত মোশাররফের অবস্থা আশঙ্কাজনক।মিরসরাই থানার উপপরিদর্শক ও ঘটনার তদন্ত কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগ নিয়ে আলোচনায় বসলে ওই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে আজিমসহ হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় কাউন্সিলর মুসা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে শফিকুর রহমান জানান।