পরপর তিন বৈঠকে মন্ত্রী আমির হোসেন আমু উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার শিল্পমন্ত্রী না থাকায় শেষ পর্যন্ত কমিটি আলোচ্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে বৈঠক শেষ করে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এ পর্যন্ত শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মন্ত্রী আমির হোসেন আমু ২৫ মে অনুষ্ঠিত প্রথম বৈঠকে অংশ নেন। এরপর গতকাল পর্যন্ত অনুষ্ঠিত তিনটি বৈঠকে তিনি অংশ নেননি।
জানতে চাইলে কমিটির সদস্য ফাতেমা তুজ্জোহরা প্রথম আলোকে বলেন, আলোচ্যসূচিতে অনেকগুলো বিষয় ছিল। মন্ত্রীর অনুপস্থিতিতে এসব বিষয়ে আলোচনা ফলপ্রসূ হবে না বিধায় কমিটি পরের বৈঠকে আলোচনার সিদ্ধান্ত নিয়ে বৈঠক শেষ করে। তিনি আরও বলেন, যেদিন কমিটির বৈঠক থাকে, সেদিনই মন্ত্রী অন্য কাজে ব্যস্ত থাকেন। সে জন্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মন্ত্রীর ব্যস্ততা কম থাকবে—এমন দিন দেখে পরের বৈঠকের দিন ধার্য করা হবে।
সংসদ সচিবালয় জানায়, গতকালের বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়োগে দুর্নীতি, খাবারের পণ্যে ফরমালিনের ব্যবহার ও মাগুরা পেপার মিলের আর্থিক দুর্নীতি নিয়ে আলোচনার কথা ছিল।
বৈঠকে অনুপস্থিতি সম্পর্কে জানতে চাইলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রথম আলোকে বলেন, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক থাকায় এবং তা যথাসময়ে শেষ না হওয়ায় তিনি সংসদীয় কমিটির বৈঠকে অংশ নিতে পারেননি।
সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটির সদস্যসংখ্যা ১০ জন হলেও প্রথম বৈঠকে ছয়জন, দ্বিতীয় বৈঠকে পাঁচজন এবং তৃতীয় ও গতকালের বৈঠকে তিনজন করে সদস্য উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবদুর রাজ্জাক ও ফাতেমা তুজ্জোহরা অংশ নেন।