বৈদেশিক অনুদান আইন মৌলিক অধিকার পরিপন্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৈদেশিক অনুদান আইন নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুলতানা কামাল। পাশে শাহীন আনাম ও সৈয়দা রিজওয়ানা হাসান (ডানে) l ছবি: প্রথম আলো
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৈদেশিক অনুদান আইন নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুলতানা কামাল। পাশে শাহীন আনাম ও সৈয়দা রিজওয়ানা হাসান (ডানে) l ছবি: প্রথম আলো

জাতীয় সংসদে সদ্য পাস হওয়া বৈদেশিক অনুদান-সম্পর্কিত আইন নিয়ে বিদেশি উন্নয়ন-সহযোগী ও দেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো শঙ্কিত। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এই আইনের অপব্যবহার হবে।
গত বুধবার বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল জাতীয় সংসদে পাস হয়। এই আইনের ১৪ ধারায় বলা আছে, সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক ও অশালীন মন্তব্য করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ কারণে এনজিও ব্যুরো সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) নিবন্ধন বাতিল করতে পারবে।
বেসরকারি সংস্থাগুলো বলেছে, এই ধারাটি শুধু অস্পষ্ট, স্বেচ্ছাচারমূলক ও অপব্যাখ্যাযোগ্যই নয়, এটি বাক্স্বাধীনতা-সম্পর্কিত সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। তারা বিলটিতে সম্মতি না দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান এবং বিলটি সংশোধনের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, বিলের ১৪ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানে নাগরিক ও সংগঠনের জন্য অনেক অধিকার আছে। এ আইনে সেই অধিকার ক্ষুণ্ন হবে। এই আইন বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথকে বাধাগ্রস্ত করবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এটি একটি নিয়ন্ত্রণমূলক আইন। এ আইনের কারণে দাতারা শঙ্কিত। এনজিও ফোরাম শঙ্কিত। এই আইন করতে গিয়ে এনজিওগুলোর সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার প্রশ্ন উঠেছে। জঙ্গি তৎপরতা সম্পর্কে আমাদের চেয়ে সরকারের কাছে বেশি তথ্য আছে। সেটা তারা প্রকাশ করুক। আমরা দেখতে চাই কতটি এনজিও বা এনজিও-সংশ্লিষ্ট ব্যক্তি জড়িত আছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নতুন আইনে বলা হয়েছে, সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক ও অশালীন বক্তব্য দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল হয়ে যাবে। এখানে বিদ্বেষমূলক এবং অশালীন বক্তব্যের সংজ্ঞা কী, সেটা ব্যাখ্যা করা হয়নি। যে কারণে এই আইনের অপব্যবহার হবে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংসদীয় কমিটি আমাদের সঙ্গে আলোচনায় যে খসড়া আইন নিয়ে বসেছিল সেখানে ১৪ ধারা ছিল না।
সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবেদনে বলা হয়েছে, আইন অনুযায়ী ব্যক্তিগতভাবে কেউ বিদেশ থেকে অনুদান আনলে সে জন্য এনজিও ব্যুরোর অনুমোদন নিতে হবে। এই ধারাটি ব্যক্তিগত সেবাকাজকে নিরুৎসাহিত করবে।
সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্র, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন, গণসাক্ষরতা অভিযান, নিজেরা করি, ব্লাস্ট, বেলা, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, অক্সফাম ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ওয়াটার এইড, এফএনবি, অ্যাডাব, এএলআরডি, প্রিপ ট্রাস্ট, অ্যাকশন এইড, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও কেয়ারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।