মন্ত্রিসভায় সম্প্রতি নীতিগত অনুমোদন পাওয়া ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন-২০১৪’-এর খসড়ার কিছু ধারা উদ্বেগজনক বলে মত দিয়েছে ১৫টি বেসরকারি সংগঠন৷ তারা বলছে, এটি বেসরকারি সংগঠন (এনজিও) খাতের বিকাশের ক্ষেত্রে ঝুঁকির সৃষ্টি করেছে৷ এ জন্য আইনটি চূড়ান্ত করার আগে এ নিয়ে আরও আলোচনা করা দরকার৷
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), আইন ও সালিশ কেন্দ্র, গণসাক্ষরতা অভিযান, নিজেরা করি, মানুষের জন্য ফাউন্ডেশন, ব্লাস্ট, বেলা, এফএনবি, অ্যাডাব, এএলআরডি, প্রিপ ট্রাস্ট, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, অ্যাকশনএইড, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও ওয়াটার এইড৷
বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত আইনের ৩ (২) ধারা বলবৎ থাকলে দেশে ব্যক্তি পর্যায়ের দাতব্য ও স্বেচ্ছাসেবা কার্যক্রম ব্যাহত হবে৷ প্রবাসীরা সেবামূলক কার্যক্রমে অবদান রাখতে নিরুৎসাহিত হবেন এবং হুন্ডি প্রথা ও কর ফাঁকির প্রবণতা বাড়বে। অন্যদিকে বেশ কিছু পেশার ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বৈদেশিক অনুদান গ্রহণ নিষিদ্ধ করার প্রস্তাবিত ধারা প্রাসঙ্গিক নয়৷ বিচারক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ইত্যাদি শ্রেণির ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইন রয়েছে৷ প্রয়োজনে সে আইন সংস্কার করা হোক৷
বিবৃতিতে আরও বলা হয়, এনজিওবিষয়ক ব্যুরোর হাতে যেভাবে নিবন্ধন বাতিল করে এনজিও বিলুপ্ত করা ও প্রশাসক নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে, তা যৌক্তিক হবে না৷ খসড়া প্রণয়ন-প্রক্রিয়ায় এ ধরনের ধারা না রাখার পক্ষে এনজিও প্রতিনিধিদের সঙ্গে সরকারের ঐকমত্য হয়েছিল৷ ঘোরতম লঙ্ঘন প্রমাণিত হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি হিসেবে অনুমোদিত প্রকল্প কার্যক্রম বন্ধ করা, এমনকি নিবন্ধন বাতিলের ক্ষমতা ব্যুরোর হাতে ন্যস্ত হতে পারে৷ কিন্তু এনজিওর সব কার্যক্রম বন্ধ বা এনজিও বিলুপ্ত করার এখতিয়ার ব্যুরোর হাতে ন্যস্ত করা প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে৷
বিবৃতিতে আরও বলা হয়, আইনের ধারা ২ (৫)-এ বৈদেশিক অনুদানের সংজ্ঞায় ব্যক্তির অন্তর্ভুক্তি অযৌক্তিক৷ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের এনজিওর জন্য আঞ্চলিক পরিষদের প্রত্যাশিত ভূমিকা অবহেলা করে এনজিও ব্যুরোর অনুমোদনের পাশাপাশি মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ৷ এনজিও ব্যুরোর হাতে পরিদর্শন, পরিবীক্ষণের এখতিয়ার যথার্থ ও অপরিহার্য হলেও প্রকল্প মূল্যায়নের দায়িত্ব ব্যুরোর সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে আইনটি সংসদে পাসের আগে এনজিও প্রতিনিধিসহ বিশেষজ্ঞ মহলের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়৷
প্রতিষ্ঠানগুলোর পক্ষে বিবৃতিদাতা ব্যক্তিরা হলেন সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী, ইফতেখারুজ্জামান, শাহীন আনাম, খুশী কবির, সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, এম তাজুল ইসলাম, আরিফুল ইসলাম, শামসূল হুদা, এ্যারোমা দত্ত, রোকেয়া কবীর, ফারাহ কবীর, এ কে এম মুসা ও খায়রুল ইসলাম৷
২ জুন বৈদেশিক অনুদানবিষয়ক এই আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন করে মন্ত্রিসভা। এতে রাজনৈতিক দল, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংসদ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশি অনুদান গ্রহণ নিষিদ্ধ করা হয়। এ ছাড়া স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওর বিদেশি অনুদান গ্রহণের নিয়মে কড়াকড়ি আরোপ করা হয়৷