বৈদেশিক অনুদান আইনের কয়েকটি ধারা 'উদ্ভট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে পাস হওয়া বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন ২০১৬-এর কয়েকটি ধারাকে ‘উদ্ভট ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁদের আশঙ্কা, আইনটির অপব্যবহার করে বেসরকারি সংস্থা (এনজিও) এবং সুশীল সমাজের কণ্ঠরোধ করতে ব্যবহার করা হবে।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এক আলোচনা সভায় সুশীল সমাজের প্রতিনিধিরা এসব কথা বলেন। ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন ২০১৬ ও নাগরিক অধিকার’ শীর্ষক এই সভার আয়োজন করে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি। গত ৫ অক্টোবর সংসদে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৬ পাস হয়েছে।

সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, এই আইনটি এনজিওর কাজে সহায়তার বদলে প্রতিবন্ধকতা তৈরি করবে।

সভার শুরুতেই সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বৈদেশিক অনুদানবিষয়ক নতুন আইনটির বিভিন্ন ধারার সমালোচনা করেন। তিনি বলেন, বিদেশি সাহায্য অনুদান নিয়ন্ত্রণের জন্য ১৯৭৮ ও ১৯৮২ সালে দুটি অর্ডিন্যান্স করা হয়েছিল। চার দশক পরে এসে নতুন আইন প্রণয়ন অনস্বীকার্য। নতুন আইনের খসড়া প্রণয়নের পরে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হয়েছিল। পক্ষগুলোর যে বিষয়গুলোতে আপত্তি ছিল সেগুলো মানা হয়নি। বরং চূড়ান্ত আইনে খসড়ার চাইতেও কিছু বিষয়ে বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে শাহদীন মালিক আইনের ১৪ নম্বর ধারাকে ‘উদ্ভট ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন। ওই ধারায় বলা হয়েছে, কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তি সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক বা অশালীন বক্তব্য দিলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে এনজিও ব্যুরো সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা বা এনজিওর নিবন্ধন বাতিল করতে পারবে।

শাহদীন মালিক আরও বলেন, কঠোর সমালোচনা করতে পারার অধিকারটাই বড় গণতন্ত্র। যে যত বড়ই হোক না কেন তাঁর সমালোচনা করার সুযোগ থাকাটা গণতান্ত্রিক অধিকার।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এনজিওগুলো সরকারের সহায়ক শক্তি হতে পারে। সহায়ক শক্তিকে সহায়তা করার জন্য আইন হওয়া উচিত ছিল। তার বদলে এই আইন এনজিওর কাজ বাধাগ্রস্ত করবে, প্রতিবন্ধকতা তৈরি করবে। আর কোনো সংস্থায় কর্মরত ব্যক্তির অশালীন বক্তব্যের জন্য সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বোধগম্য নয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ কোনো কথা বলার অধিকার নেই। এভাবে সরকার টিকে থাকতে পারে না। সরকার উপলব্ধি করে তার পায়ের নিচে মাটি নেই। সরকারের শাসনের নৈতিক অধিকার নাই, সরকারের ভীতিটাই এখানে। এই আইনটি দ্রুত সংশোধন করা হোক।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘এই আইনে বলা হয়েছে, কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলা যাবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। তাঁরা কী কাজ করছেন আমরা দেখছি। ১৯৮৬, ১৯৮৮ সালে কমিশনের সমালোচনা করতে পেরেছি আর ২০১৪ সালের নির্বাচন কমিশনের সমালোচনা করতে পারব না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভুয়া একটি নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের বড় অংশ নির্বাচন কমিশন। সেই কমিশনের সমালোচনা করলে সুজন, টিআইবি বন্ধ করে দেবেন? তাহলে তো দেশে গণতন্ত্র, নির্বাচন বলে কিছু থাকবে না।’

সভায় বক্তব্য দেন, সাংবাদিক মাহফুজউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।