বৈদেশিক অনুদান বিলে রাষ্ট্রপতির সম্মতি
জাতীয় সংসদে সদ্য পাস হওয়া বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিলে সম্মতি দিয়ে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার এই বিল ছাড়াও রাষ্ট্রপতি আরও পাঁচটি বিল অনুমোদন করে সই করেছেন।
৬ অক্টোবর বৈদেশিক অনুদান বিল সংসদে পাস হয়। এই আইনের ১৪ ধারায় বলা আছে, সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক ও অশালীন মন্তব্য করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ কারণে এনজিও ব্যুরো সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) নিবন্ধন বাতিল করতে পারবে।
৯ অক্টোবর বেসরকারি সংগঠনগুলো সংবাদ সম্মেলন করে এই বিলে সম্মতি না দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানায়। তারা বলেছে, এই ধারাটি শুধু অস্পষ্ট, স্বেচ্ছাচারমূলক ও অপব্যাখ্যাযোগ্যই নয়, এটি বাক্-স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। তাঁরা বিলটি সংশোধনের দাবি জানান।
এ ছাড়া রাষ্ট্রপতি আজ প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট (সংশোধন) বিল; সুপ্রিম কোর্ট জাজেস (ছুটি, পেনশন ও সুযোগ-সুবিধা) (সংশোধন) বিল; রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল; জেলা পরিষদ (সংশোধন) বিল এবং পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি বিল অনুমোদন করে সই করেন।