বৈদেশিক অনুদান বিলের ১৪ ধারা নিয়ে উদ্বেগ
জাতীয় সংসদে পাস হওয়া বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল ২০১৬-এর ১৪ নম্বর ধারাটি মৌলিক অধিকার খর্ব করার ঝুঁকি সৃষ্টি করবে বলে উদ্বেগ জানিয়েছেন বেসরকারি কয়েকটি সংস্থার প্রতিনিধিরা। সংশোধন দাবি করে তাঁরা ওই বিলে সম্মতি না দিতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ দাবি জানান বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিল সংশোধনের দাবিও জানান তাঁরা।
বিলের ১৪ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তি সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক বা অশালীন বক্তব্য দিলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে এনজিও ব্যুরো সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা বা এনজিওর নিবন্ধন বাতিল করতে পারবে। এই বিধান রেখে বুধবার সংসদে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৬ পাস হয়েছে।
আলোচনায় মানবাধিকার নেত্রী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘বিলের ১৪ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানে নাগরিক ও সংগঠনের জন্য অনেক অধিকার আছে। এ আইনের মাধ্যমে সে অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে।’
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সংসদীয় কমিটি আমাদের সঙ্গে আলোচনায় যে খসড়া আইন নিয়ে বসেছিল সেখানে ১৪ ধারা ছিল না। মাদক, নারী ও শিশু পাচারের জন্য আলাদা আইন আছে। সেটি এই আইনে কেন আনা হলো?’
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘১৪ ধারায় বলা আছে সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক অশালীন বক্তব্য দিলে প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল হয়ে যাবে। এখানে বিদ্বেষ এবং অশালীন বক্তব্যের ব্যাখ্যা কী, তা সুস্পষ্ট না। সুতরাং এ আইনের অপব্যাখ্যা হওয়ার আশঙ্কা আছে।’
নারীনেত্রী খুশী কবির বলেন, ‘এনজিওগুলোর মধ্যে কেউ জঙ্গি তৎপরতার সঙ্গে সংযুক্ত কি না, তা নিয়ে আমরা খুবই সচেতন। ব্যক্তিগতভাবে কেউ জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকতে পারে। সে জন্য একটি এনজিও দায়ী হতে পারে না।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এ আইনের কারণে দাতারা শঙ্কিত। এনজিও ফোরাম শঙ্কিত। এটি একটি নিয়ন্ত্রণমূলক আইন।’
বেসরকারি সংস্থাগুলোর অভিযোগ, আইনের খসড়া প্রণয়নে তাঁদের প্রতিনিধিদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু চূড়ান্ত খসড়াটি সংসদে অনুমোদনের আগে বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আরও একবার দেখানোর কথা ছিল। বাস্তবে সেটি দেখানো হয়নি।
আলোচনায় আইন ও সালিশ কেন্দ্র, ব্র্যাক, গণসাক্ষরতা অভিযান, নিজেরা করি, মানুষের জন্য ফাউন্ডেশন, ব্লাস্ট, বেলা, বাংলাদেশ নারী প্রগিত সংঘ, অক্সফাম ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ওয়াটার এইডসহ বেশ কয়েকটি এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।