বৈদেশিক কর্মসংস্থান আইন পুরোপুরি বাস্তবায়নের দাবি
বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন যথাযথভাবে প্রয়োগ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। আইনে যেসব দুর্বলতা আছে, সেগুলোও সংশোধনের দাবি উঠেছে।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীতে সিরডাপ মিলনায়তনে জাতীয় এক পরামর্শ সভায় আইনজীবী, বিচারক, অভিবাসন বিশেষজ্ঞ ও বিদেশগামী ব্যক্তিরা এ দাবি জানান। অভিবাসনবিষয়ক গবেষণা সংস্থা রামরু, জিএফএমডি সম্মেলনকে সামনে রেখে গঠিত নাগরিক কমিটি ও ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ কর্মসূচি যৌথভাবে এ আয়োজন করে।
পরামর্শ সভায় আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘বিদেশে যাঁরা যান তাঁরা যেন প্রতারিত না হন, সে কারণেই ২০১৩ সালে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন করা হয়েছিল। অবশ্য দেড় শ বছর আগে যে দণ্ডবিধি হয়েছিল, তাতেও এসব অপরাধের মোটামুটি বিচার করা যায়। তারপরও আইন হয়েছে, আইনের কিছু দুর্বলতাও আছে। কথায় কথায় বাংলাদেশে আইন হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। আইনের বাস্তবায়ন জরুরি।’
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেন, ২০১৩ সালে আইনটি হয়েছে, এখনো অনেক মানুষ জানে না। এ আইন সম্পর্কে সবাইকে জানাতে হবে। কোনো দুর্বলতা থাকলে সেটিও সরকার দেখবে।