বৈদেশিক কর্মসংস্থান নীতি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ অভিবাসন, নারী কর্মীদের নিরাপদ শ্রম অভিবাসন এবং অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষার বিধান রেখে ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতিমালা-২০১৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, অভিবাসন নিয়ে ২০০৬ সালের নীতিটি ছিল সংক্ষিপ্ত। এটিকে আরও বেশি বিস্তারিত করা হয়েছে নতুন নীতিমালায়। এই নীতির আলোকে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে। প্রয়োজন হলে নতুন আইনও করা হবে। নতুন নীতিমালাটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ছাড়াও অর্থ, পররাষ্ট্র, বাণিজ্য, স্বরাষ্ট্র ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় বাস্তবায়নের সঙ্গে থাকবে।

অর্থমন্ত্রীর জন্মদিন: আজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৩তম জন্মদিন। এ জন্য মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী ও অন্য সদস্যরা অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বৈঠক শেষে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন অর্থমন্ত্রীকে তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কেক পাঠান।

ডাকটিকিট উদ্বোধন: মন্ত্রিসভার বৈঠক শেষে আজ কাস্টমস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন।