বৈদেশিক সাহায্যপুষ্ট এনজিওর জন্য নতুন আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক সাহায্যপুষ্ট বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) জন্য নতুন আইন করতে যাচ্ছে সরকার। নিবন্ধন থেকে শুরু করে এনজিওগুলোর সার্বিক কার্যক্রম এ আইনের মাধ্যমেই পরিচালিত হবে।এনজিওবিষয়ক ব্যুরো বলেছে, এনজিও খাতের আরও স্বচ্ছতার জন্য এ আইন হচ্ছে।এনজিও ব্যুরোর সূত্র জানায়, বিভিন্ন এনজিওর বিরুদ্ধে দুর্নীতি, যেমন-তেমন করে প্রকল্প শেষ করাসহ নানা অভিযোগ আছে। অর্থ খরচসহ নানা বিষয়ে প্রশ্নও আছে। ২০০৭ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় বলা হয়, ৯৫ শতাংশ এনজিও আর্থিক ও অডিট-সংক্রান্ত তথ্যে ব্যাপক গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করে। ৮৫ শতাংশ ক্ষেত্রে দেখা গেছে, হিসাব-নিকাশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি স্বাধীন নন এবং অডিট ও আর্থিক প্রতিবেদনে প্রায়ই অতিরঞ্জিত তথ্য দেওয়া হয়। ব্যুরো মনে করে, নতুন আইন হলে এসব অনিয়ম কমবে।সূত্র আরও জানায়, নতুন আইনের বিষয়ে কাল ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হবে। বৈঠকে আইন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিও ব্যুরোসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এ বৈঠকে আইনটির বিষয় চূড়ান্ত হবে।এনজিও ব্যুরোর মহাপরিচালক নূরুন নবী তালুকদার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘সরকার এনজিওগুলোকে উন্নয়নের অংশীদার মনে করে। কাজেই এনজিওগুলোকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য সরকারের নেই। বরং আরও বেশি স্বচ্ছতার জন্যই নতুন আইন করা হচ্ছে। আমরা মনে করি, নতুন আইন হলে এনজিওগুলোর কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।’নতুন আইনে কী কী থাকবে জানতে চাইলে ব্যুরোর মহাপরিচালক বলেন, ‘এ বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। ব্যুরোতে নিবন্ধিত বৈদেশিক সাহায্যপুষ্ট এনজিওগুলো দ্য ফরেন ডোনেশনস (ভলান্টারি অ্যাক্টিভিটিজ) রেগুলেশন রুলস, ১৯৭৮ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯/০৫/২০০১ সালে জারি করা পরিপত্র অনুযায়ী চলে। এই দুটি আইন সমন্বয় ও সংযোজন-বিয়োজন করে পূর্ণাঙ্গ একটি আইন করা হবে। এর মাধ্যমে এনজিও খাত আরও গতিশীল হবে।’নতুন আইনের বিষয়ে ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশের (এফএনবি) পরিচালক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘১৯৭৮ সালের আইনটি হালনাগাদের বিষয়টি আমরাও বলেছিলাম। তবে ব্যুরো যে নতুন আইন করতে যাচ্ছে, সে ব্যাপারে এনজিওর প্রতিনিধিরা কিছু জানেন না। আমাদের সঙ্গে বসে নতুন আইনের বিষয়টি ঠিক করলে ভালো হতো। জানি না, সরকার কেন আমাদের সঙ্গে বসতে চায় না।’নতুন আইন নিয়ে এনজিওর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না হওয়ার বিষয়ে জানতে চাইলে এনজিও ব্যুরোর মহাপরিচালক বলেন, ‘আমরা তাদের সঙ্গে বসব না, এমন কোনো কথা নেই। আমরা আগে একটি খসড়া করে নিই। এর পর তাদের সঙ্গে বসব। প্রয়োজনে ওয়েবসাইটে খসড়া দিয়ে সবার মতামত নেওয়া হবে।’বাংলাদেশে কার্যরত এনজিওগুলো সমাজসেবা অধিদপ্তর, মহিলাবিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থায় নিবন্ধিত। তবে বিদেশ থেকে সাহায্য আসে, এমন এনজিওগুলোকে এনজিও ব্যুরোতে নিবন্ধন করতে হয় এবং ব্যুরোর আইনে চলতে হয়। এই ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। বর্তমানে ব্যুরোতে নিবন্ধিত এনজিওর সংখ্যা প্রায় আড়াই হাজার। এসব এনজিওর নিবন্ধন, প্রকল্প প্রস্তাব প্রক্রিয়াকরণ, প্রকল্প অনুমোদন, অর্থছাড়করণ ও বিদেশি কর্মকর্তা-পরামর্শকের নিয়োগের অনুমতি ও নিয়োগের মেয়াদ নির্ধারণ করে ব্যুরো। এনজিওগুলোর বিভিন্ন প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার কাজটিও ব্যুরো করে। ব্যুরোর বিদ্যমান আইনে এ কাজগুলো হয়। নতুন আইন হলে এসব কাজ ওই আইনে হবে।