বৈদ্যুতিক খুঁটি না সরানোয় পদচারী-সেতুর কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও তারের কারণে পদচারী–সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে। ছবিটি ১২ জুন তোলা l প্রথম আলো
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও তারের কারণে পদচারী–সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে। ছবিটি ১২ জুন তোলা l প্রথম আলো

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের বৈদ্যুতিক খুঁটি না সরানোয় পদচারী সেতু (ফুটওভারব্রিজ) নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে। কাজ শুরুর আগে পল্লী বিদ্যুৎ সমিতিকে এ বিষয়ে চিঠি দিলেও তারা খুঁটিগুলো সরানোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ওপর দিয়ে রাজধানীতে যাতায়াত করেন। এ ছাড়া জেলাবাসী অফিস-আদালত, স্কুল-কলেজ ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত বাসস্ট্যান্ড এলাকা হয়ে জেলা সদরে যাতায়াত করেন। কিন্তু পদচারী সেতু না থাকায় রাস্তা পার হতে গিয়ে গত পাঁচ বছরে এখানে ট্রাফিক পুলিশসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। এ কারণে চার বছর ধরে ওই স্থানে পদচারী সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন, মিছিল ও লিফলেট বিতরণ করছে। চলতি বছর ওই স্থানে পদচারী সেতুর নির্মাণকাজ শুরু হয়।
জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. কামরুজ্জামান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের আশপাশে বেশ কয়েকটি বিদ্যালয় রয়েছে। প্রতিদিন ছোট শিশুরা ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়।

জেলা সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় জেলা শহরের প্রবেশদ্বার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি পদচারী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সওজের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান জেডই-এমআর (জেবি) লিমিটেড সেতু নির্মাণের দায়িত্ব পায়। ২০১৫ সালের মে মাসে পদচারী সেতুর নির্মাণকাজ শুরু হওয়ার কথা থাকলেও চলতি বছরের জানুয়ারিতে শুরু করা হয়। ৩০ মিটার দীর্ঘ ও ৬ মিটার উচ্চতাসম্পন্ন এই পদচারী সেতু এবং ৬০ মিটার রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৬ লাখ টাকা। কিন্তু পদচারী সেতুর জায়গার পাশে বৈদ্যুতিক খুঁটি ও ওপরের তারের কারণে এর নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে লোহার পাত দিয়ে সেতুর মূল অবকাঠামোর প্রায় অর্ধেক সম্পন্ন করা হয়েছে। তবে এর পাশেই বৈদ্যুতিক খুঁটি ও তারের কারণে মাস খানেক ধরে সেতুটির নির্মাণকাজ বন্ধ রয়েছে।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা ওরফে সেলিম বলেন, বাসস্ট্যান্ড এলাকায় পদচারী সেতুর বিকল্প নেই। যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক খুঁটি প্রতিস্থাপন করে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করা জরুরি।
জেলা সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. গাউস-উল-হাসান মারুফ বলেন, কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ও তারের কারণে পদচারী সেতুটির কাজ করা যাচ্ছে না। বৈদ্যুতিক খুঁটি সরানোর (প্রতিস্থাপন) জন্য পল্লী বিদ্যুৎ সমিতিকে (পবিস) চিঠি দেওয়া হয়েছে। খুঁটিগুলো সরানো হলে পদচারী সেতুর কাজ পুনরায় শুরু করা হবে।
বৈদ্যুতিক খুঁটি ও তার স্থানান্তরের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জের পবিসের উপমহাব্যবস্থাপক (কারিগরি) সোহেল আকতার বলেন, ৩৩ কেভির বৈদ্যুতিক এ লাইন সরাতে কিছুটা সময় নিতে হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব এই বৈদ্যুতিক লাইন অন্যত্র সরানো হবে।