বৈদ্যুতিক খুঁটি রেখেই প্রশস্ত হচ্ছে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের খুঁটি না সরিয়েই চলছে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক প্রশস্ত করার কাজ l ছবি: প্রথম আলো
বিদ্যুতের খুঁটি না সরিয়েই চলছে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক প্রশস্ত করার কাজ l ছবি: প্রথম আলো

বৈদ্যুতিক খুঁটি মাঝে রেখেই নীলফামারীর সৈয়দপুর পৌরসভার প্রধান সড়ক শহীদ ডা. জিকরুল হক রোড প্রশস্ত করার কাজ শুরু হয়েছে। এতে প্রশস্ত সড়ক তেমন কোনো সুবিধা বয়ে আনবে না বলে এলাকাবাসীর অভিযোগ। তবে কাজ শুরুর আগে এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে চিঠি দিলেও তারা খুঁটিটি সরানোর ব্যবস্থা নেয়নি বলে উল্টো অভিযোগ করেছেন পৌর কর্মকর্তারা।
সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা যায়, জিকরুল হক সড়কের কয়েক জায়গায় সম্প্রসারণের কাজ চলছে। সড়কের বিভিন্ন স্থানে স্তূপ করে রাখা রয়েছে ইট। অথচ ওই সড়কে এখনো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ২৪টি বৈদ্যুতিক খুঁটি রয়ে গেছে। খুঁটিগুলো ফুটপাত থেকে প্রায় তিন ফুট দূরে। ফলে ফুটপাত থেকে ওই তিন ফুট রাস্তা দিয়ে কোনো বড় গাড়ি চলাচল করতে পারবে না।
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, সড়ক প্রশস্ত করা হচ্ছে ভালো কথা। কিন্তু রাস্তার মাঝখানে যেসব বৈদ্যুতিক খুঁটি রয়েছে তা অপসারণ করা হয়নি।
স্থানীয় অন্তত ১০ বাসিন্দা বলেন, সৈয়দপুর উত্তরাঞ্চল জনপদের ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর। বাণিজ্যিক কারণে প্রতিদিন আশপাশের জেলাগুলো থেকে শত শত ব্যবসায়ী ও পাইকাররা যানবাহন নিয়ে এ শহরে আসেন। একইভাবে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন বেশ কিছু সেরা শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুরে হওয়ায় স্থানীয়সহ আশপাশের এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিদিনকার একটি চাপ রয়েছে। শহরের সড়কগুলো প্রশস্ত না হওয়ায় যানজট পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। কিন্তু যেভাবে পৌরসভার প্রধান সড়কটি প্রশস্ত করার কাজ হচ্ছে তাতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে না। বরং বাড়বে বলেই স্থানীয় লোকজন শঙ্কা প্রকাশ করেন।
সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বখতীয়ার কবির বলেন, দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা, বিমানবন্দর, সেনানিবাস ও রেলওয়ে পুলিশের (জিআরপি) জেলা হওয়ায় সৈয়দপুর জনবহুল একটি শহর হয়ে উঠছে। বাণিজ্যিক গুরুত্বের কারণে শহরে প্রশস্ত রাস্তা নির্মাণ করা জরুরি।
পৌরসভার কর্মকর্তারা বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে সড়ক প্রশস্তকরণে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে সৈয়দপুরে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলজিএসপি প্রকল্পের আওতায় ৬৩০ মিটার শহীদ জিকরুল হক সড়কটি প্রশস্ত করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১২ লাখ টাকা। ১৮ ফুট রাস্তাকে করা হচ্ছে ২৪ ফুট। রাস্তা প্রশস্ত হলে যানজট পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। কিন্তু বাদ সেধেছে ওই রাস্তায় বৈদ্যুতিক খুঁটিগুলো।
সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক খুঁটিগুলো বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এ জন্য তাঁরা কাজ শুরুর আগেই পিডিবিকে চিঠি দিয়েছেন। রাস্তা প্রশস্তকরণের কাজ ১৭ মার্চ শেষ হবে।
তবে সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (আবাসিক) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সড়কটির বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর সহজ কাজ নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পৌর মেয়র আমজাদ হোসেন বলেন, পৌর কর্তৃপক্ষ বিদ্যুতের খুঁটিগুলো সরাতে পিডিবি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।