বিদ্যুতের খুঁটি না সরানোয় নগরের অক্সিজেন-হাটহাজারী সড়কের চৌধুরীহাট থেকে ইসলামিয়া হাট পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশের কার্পেটিং করতে পারছে না সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বৈদ্যুতিক খুঁটি সরানোয় ধীর গতির কারণে রাস্তা চওড়া করার সুফল পাওয়া যাচ্ছে না।সওজ সূত্র জানায়, ‘চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের অক্সিজেন-হাটহাজারী অংশের সম্প্রসারণ’ প্রকল্পে মোট সাড়ে ১২ কিলোমিটার রাস্তা চওড়া করা হচ্ছে। ১২৯ কোটি টাকার এই প্রকল্পে সড়কের পূর্ব ও পশ্চিম উভয় পাশে সম্প্রসারণের কাজ করা হচ্ছে। বর্তমানে সড়কটির প্রস্থ ২৪ ফুট। সম্প্রসারণের পর এর প্রস্থ হবে ৫০ ফুট। প্রকল্পটির মেয়াদ ২০১৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা।গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, সড়কটির বালুছড়া, ফতেয়াবাদ, বড় দীঘিরপাড়সহ বিভিন্ন অংশে পশ্চিম পাশের বিদ্যুতের খুঁটি সরানোর কাজ চলছে। কিন্তু পূর্ব পাশের খুঁটি সরানোর কাজ শুরুই হয়নি। সড়কের চৌধুরীহাট, নন্দীরহাট, ফতেয়াবাদ, ইসলামিয়া হাট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সংলগ্ন অংশে রাস্তা চওড়া করার কাজও প্রায় শেষ।হাটহাজারী সদরের বাসিন্দা সরওয়ার কামাল প্রথম আলোকে জানান, শুরুর পর থেকেই কখনো জমি অধিগ্রহণ, কখনো বর্ষা এ রকম নানা অজুহাতে কাজ ধীর গতিতে চলে। এলাকাবাসী ও যাত্রীদের দুর্ভোগ আর শেষ হয় না।গাড়ি চালকেরা জানান, সড়কের কিছু অংশে চওড়ার কাজ প্রায় শেষ হয়েছে। কিন্তু বৈদ্যুতিক খুঁটি না সরানোয় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। চট্টগ্রাম সওজের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘সড়কের পূর্ব পাশের খুঁটি সরানোর জন্য মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে সাত কোটি ৫২ লাখ টাকা। ২০১১ সালের জুন মাসে আমরা দুই কোটি ৩৮ লাখ টাকা পিডিবিকে পরিশোধ করেছি। আরও পাঁচ কোটি ১৪ লাখ টাকা পিডিবির পাওনা আছে। কিন্তু এক- তৃতীয়াংশ অর্থ পরিশোধের পরও একটি খুঁটিও সরানো হয়নি।’খুঁটি না সরানোয় কার্পেটিংয়ের কাজ করা সম্ভব হচ্ছে না জানিয়ে রানা প্রিয় বড়ুয়া বলেন, ‘সড়কের চৌধুরীহাট থেকে ইসলামিয়া হাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশ সম্প্রসারণের জন্য প্রস্তুত। মাটি ভরাটও করা হয়েছে। কিন্তু পূর্ব পাশের খুঁটি না সরানোয় কার্পেটিং করতে পারছি না।’চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী রইস উদ্দিন সরকার জানান, কিছু খুঁটি সরানো হয়েছে। সড়কটির পূর্ব পাশ হাটহাজারী বিতরণ বিভাগের অধীনে।হাটহাজারী বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল করিম বলেন, ‘পশ্চিম পাশের খুঁটি সরানোর কাজ করছে ষোলশহর বিতরণ বিভাগ। তারা কাজ শেষ করলে আমরা শুরু করব। পূর্ব পাশের খুঁটি সরানোর জন্য দরপত্র প্রক্রিয়াধীন আছে। ঠিকাদার নির্ধারণের পর দ্রুত গতিতে কাজ শেষ করা হবে।’