বৈদ্যুতিক খুঁটিতে হাত দিয়ে প্রাণ গেল যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় বৃষ্টির পানি জমে ছিল। পানি এড়িয়ে পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে হাত দিয়েছিলেন তিনি। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হলেন। উদ্ধার করে যতক্ষণে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়, ততক্ষণে মারা যান তিনি।

ঘটনাটি গতকাল সোমবার রাজধানীর পুরান ঢাকার আলুবাজারের হাজি ওসমান গণি সড়কে ঘটেছে। নিহত মোবারক হোসেন (২১) একটি দোকানের কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি ঢাকার দোহারে। বংশালের একটি মেসে থাকতেন তিনি।

মোবারককে উদ্ধারকারী তাঁর বন্ধু রাজীব বলেন, সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোবারক যে দোকানে কাজ করতেন, সেই দোকানের মালিক আলতাফ হোসেন জানান, দোকানের পাশের একটি রেস্তোরাঁয় নাশতা করতে যাচ্ছিলেন মোবারক। তিনি বলেন, খুঁটিটি বিদ্যুতায়িত ছিল। হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই মোবারক বিদ্যুৎস্পৃষ্ট হন।