বৈদ্যুতিক খুঁটির ক্ষতিপূরণ দিতে পাঁচ পরিবারকে চিঠি
বগুড়ার শেরপুর উপজেলার ফুলবাড়ী গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বৈদ্যুতিক খুঁটির ক্ষতিপূরণ হিসেবে ৩৩ হাজার ৭৮০ টাকা পরিশোধ করতে পাঁচ পরিবারকে চিঠি পাঠিয়েছে উপজেলার পল্লি বিদ্যুতের জোনাল কার্যালয়।
ওই চিঠির সূত্রে জানা যায়, তাদের (উপজেলার পল্লি বিদ্যুতের জোনাল কার্যালয়) চালু করা তিন ফেজ লাইনের বৈদ্যুতিক খুঁটির চারপাশে পুকুর খনন করায় ওই খুঁটি গত ৩ মে হেলে পড়ে। এই টাকা পরিশোধের জন্য গত রোববার দুপুরে একটি চিঠি ওই পাঁচ পরিবারের কাছে পাঠানো হয়।
ওই পাঁচ পরিবার হলো খোকন মিয়া, মিন্টু মিয়া, রাজু আহম্মেদ, রনি আহম্মেদ ও মিলন মিয়ার পরিবার।
স্থানীয় লোকজন বলেন, খোকন ও রনি ঢাকায় পোশাক কারখানার শ্রমিক। তাঁরা ঢাকায় বসবাস করেন। মিন্টু মোটরসাইকেলের মেকানিক, রাজু মুড়ি-চানাচুরবিক্রেতা ও মিলন রিকশাচালক। এই পাঁচ পরিবারের মধ্যে মিন্টু ও রাজু পল্লি বিদ্যুতের গ্রাহক।
স্থানীয় তিনজন বাসিন্দা বলেন, ক্ষতিগ্রস্ত হওয়া ওই খুঁটিটি ছিল ওই পাঁচ পরিবারভুক্ত জমির মধ্যে। জমিটি আশপাশের জমি থেকে নিঁচু। একটু বৃষ্টি হলে এই জমিটি জলাবদ্ধ হয়। এতে খুঁটিটি দুর্বল হয়ে পড়ে। এ কারণেই এপ্রিল মাসের শেষ সপ্তাহে ঝড় ও দমকা হাওয়ায় খুঁটিটি হেলে পড়ে।
মিন্টু বলেন, এপ্রিল মাসের শেষে ঝড় ও দমকা হাওয়ায় খুঁটিটি হেলে পড়ে। পরে গত মে মাসের প্রথম সপ্তাহে পল্লি বিদ্যুৎ কার্যালয় থেকে আসা লোকজন খুঁটিটি মেরামতের সময় শ্রমিকদের অসাবধানতায় কিছুটা হেলে থাকা খুঁটিটি মাটির ওপর পড়ে কিছু অংশ ভেঙে যায়। পরে তাঁর ও তাঁর ভাই রাজুর বাড়ির বিদ্যুৎসংযোগ কেটে দেওয়া হয়। এক মাস ধরে বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুঁলে নেওয়ার তাঁদের পরিবার অন্ধকারে রয়েছে।
পল্লি বিদ্যুৎ শেরপুর জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবদুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, ঝড় ও দমকা হাওয়ায় ওই খুঁটি ক্ষতিগ্রস্ত হয়নি। খুঁটিটির চারপাশে পুকুর খনন করায় খুঁটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য নতুন একটি খুঁটি বসানো হয়েছে। খুঁটির মূল্যসহ আনুষঙ্গিক খরচ হয়েছে ৩৩ হাজার ৭৮০ টাকা। এ টাকা পরিশোধের জন্য ওই পরিবারগুলোকে চিঠি পাঠানো হয়েছে।