তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার প্রভাব পড়েছে জয়পুরহাটের মানুষের জীবনযাত্রায়। এ কারণে রান্নার খরচ কমাতে অনেকেই বৈদ্যুতিক চুলা, রাইসকুকার কিনছেন। এতে বিদ্যুতের ওপর বাড়তি চাপ পড়বে। দাম বাড়ায় জয়পুরহাটের বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে গ্যাসের সিলিন্ডার বিক্রির পরিমাণও কমেছে। এখন জয়পুরহাট শহরের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ রান্নার জন্য বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করছেন। তাই অনেকেই বৈদ্যুতিক চুলা ও রাইসকুকার কিরছেন। গ্যাস সিলিন্ডারের কয়েকজন গ্রাহক জানান, সিলিন্ডারের খরচের তুলনায় ওই সব বৈদ্যুতিক চুলায় খরচ কম হয়। তাই তাঁরা ওই সব পণ্য কিনছেন।জয়পুরহাট জেলার গ্যাস সিলিন্ডারের কয়েকজন ডিলার ও খুচরা বিক্রেতা জানান, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি থেকে গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম হঠাৎ করে ২৫০ থেকে ৩০০ টাকা বেড়েছে। এতে গত আট দিনে বিক্রি অর্ধেকে নেমে এসেছে।ডিলার ও খুচরা বিক্রেতারা আরও জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরকারি গ্যাসের প্রতিটি সিলিন্ডার ৭২২, বসুন্ধরা এক হাজার ৬৬০, যমুনা এক হাজার ৬২০ এবং ক্লিনহিট এক হাজার ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে।গত বৃহস্পতিবার শহরের চুলাসহ বিভিন্ন গৃহস্থালিসামগ্রী বিক্রির প্রতিষ্ঠান ক্রাউন ক্রোকারিজে গিয়ে জানা যায়, তিন-চার দিন ধরে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক চুলা ও রাইসকুকার বিক্রি হচ্ছে। শহরের প্রফেসরপাড়ার এলাকার বাসিন্দা মাহবুব হোসেন জানান, এত দিন তিনি গ্যাসের চুলায় রান্না করতেন। এখন খড়ির চুলায় রান্না করছেন। এক হাজার ৭০০ টাকায় গ্যাস কিনে রান্না করা তাঁর পক্ষে সম্ভব নয়।বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগের তুলনায় বর্তমানে বাসাবাড়িতে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাচ্ছে। এখন বিদ্যুতের সাহায্যে বৈদ্যুতিক চুলা ও রাইসকুকার ব্যবহার করায় চাপ অনেক বাড়বে।