রাজশাহী নগরের ডিঙ্গাডোবা এলাকার ব্যবসায়ী গোলাম মর্তুজা বলেন, একটা গ্যাসের সিলিন্ডারে মাস যায় না। তার মধ্যে উপর্যুপরি সিলিন্ডারের দাম বেড়ে যাচ্ছে দেখে তিনি বৈদ্যুতিক চুলা কিনে নিয়েছেন। এতে ভাত-তরকারি এমনকি রুটি পর্যন্ত করা যায়। এতে তাঁর বিদ্যুৎ বিল কিছুটা বাড়ছে, কিন্তু তিনি একটা সিলিন্ডারে দুই মাস এমনকি কোনো কোনো সময় তিন মাস পর্যন্ত পার করতে পারছেন। তিনি বলেন, শুধু জরুরি ক্ষেত্রে এবং বিদ্যুৎ না থাকলেই গ্যাসের চুলা ব্যবহার করছেন।সম্প্রতি মূল্যবৃদ্ধির কারণে রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে। গ্রাহকেরা গ্যাস সিলিন্ডারের ব্যবহার কমিয়ে দিয়ে লাকড়ির ব্যবহার ও বৈদ্যুতিক চুলা কেনার দিকে ঝুঁকছেন। অনেক মধ্যবিত্ত পরিবার আয়ের সঙ্গে সংগতি রেখে চলার জন্য বাচ্চাদের হেঁটে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন। অনেকেই সামাজিক আচার-অনুষ্ঠান বর্জন করে চলছেন।এদিকে বেসরকারি পর্যায়ে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হলেও সরকারি সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। এ নিয়ে গ্রাহকদের মধ্যে প্রচুর ক্ষোভ রয়েছে। কার্ড থাকলেও তাঁদের সরকারি সিলিন্ডার দেওয়া হচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে গ্যাসের সিলিন্ডারের দাম ৩৩০ টাকা পর্যন্ত বেড়েছে। গত ডিসেম্বর মাসে বসুন্ধরার একটি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪২০। দুই মাসে তিন দফায় বেড়ে তা এখন এক হাজার ৬৫০ টাকায় দাঁড়িয়েছে। ক্লিনহাট সিলিন্ডার এক হাজার ৪০০ থেকে এখন হয়েছে এক হাজার ৬০০ টাকা, যমুনা এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫৩০ টাকা এবং টোটাল গ্যাসের সিলিন্ডার এক হাজার ২৯০ থেকে এক হাজার ৬৫০ টাকা হয়েছে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একটি সিলিন্ডারের মূল্য আগেও ছিল ৭৩০ টাকা। এখনো সেই দামেই সরবরাহ করা হচ্ছে। তবে সাধারণ গ্রাহকেরা তা পাচ্ছে না।রাজশাহীর রানীবাজার এলাকার গ্যাস সিলিন্ডারের খুচরা এক বিক্রেতা বলেন, তাঁর দোকান থেকে মাসে ৬০০ থেকে ৭০০ সিলিন্ডার সরবরাহ হতো। দাম বাড়ার পর এখন মাসে আর ৩০০ সিলিন্ডারই যাচ্ছে না। এখন তাঁর ব্যবসা গুটিয়ে ফেলার অবস্থা হয়েছে।রাজশাহী নগরের রামচন্দ্রপুর এলাকার কলেজশিক্ষক শামছুল ইসলাম বলেন, তিনি গ্যাস সিলিন্ডার ব্যবহার একেবারে বন্ধ করে দিয়ে লাকড়ির চুলা তৈরি করেছেন। তাছাড়া সিলিন্ডারের লাগামহীন মূল্যবৃদ্ধি সহ্য করা সম্ভব হচ্ছিল না। তিনি বলেন, বাড়ির সঙ্গে লাকড়ির চুলা ব্যবহার করার একটু জায়গা ছিল, সেটাকেই এখন কাজে লাগিয়েছেন। তবে এক মণ কাঠ দুই মাস আগে ১৬০ টাকায় কিনেছেন, এখন ১৮০ টাকায় কিনতে হচ্ছে। এক বস্তা কাঠের গুঁড়োর দাম ছিল ১৩০ টাকা, এখন হয়েছে ১৮০ টাকা। বিদ্যুতের দামও বেড়েছে। মানুষের কোনো দিকেই শান্তি নেই। নগরের সাগরপাড়া এলাকার গৃহবধূ মল্লিকা রায় বলেন, বর্তমান পরিস্থিতিতে গ্যাস সিলিন্ডার ও বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে, এতে তাঁদের পক্ষে ব্যয় সংকুলান করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে আয়ের সঙ্গে সংগতি রাখতে বাচ্চাদের এখন রিকশা বাদ দিয়ে হেঁটে বিদ্যালয়ে নিতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একজন গৃহবধূ বলেন, তাঁরা যে ফ্ল্যাটে ভাড়া থাকেন সেখানে লাকড়ির চুলা জ্বালানোর পরিবেশ নেই। বাধ্য হয়ে বেশি দামেই সিলিন্ডার নিতে হচ্ছে। অন্যদিকে ব্যয় সংকোচন করার জন্য তাঁদের অনেক সামাজিক আচার-অনুষ্ঠান এখন এড়িয়ে চলতে হচ্ছে।নগরের ঘোড়ামারা এলাকার গৃহবধূ মাহমুদা খাতুন বলেন, প্রথম রাজশাহীতে যখন গ্যাস সিলিন্ডার সরবরাহ শুরু হয়, তখন তিনি ২০০ টাকায় সিলিন্ডার নিয়েছিলেন। সেই সিলিন্ডারের দাম এখন এক হাজার ৬০০ টাকা হয়েছে। তাঁদের পক্ষে আর গ্যাস দিয়ে রান্না করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে লাকড়ির চুলা নিয়েছেন। রাজশাহী নগরে হালিমা এজেন্সি ক্লিনহিট, যমুনা ও সরকারি (বিপিসি) সিলিন্ডারের সরবরাহকারী। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক অমলেন্দু প্রসাদ পাল বলেন, সিলিন্ডারের দাম বাড়ার কারণে তাঁদের যে পরিমাণ পুঁজি বাড়াতে হয়েছে, সেই অনুপাতে তাঁরা লাভ করতে পারছেন না। আগের দামের সঙ্গে বাড়তি মূল্য যোগ করে তাঁদের বিক্রি করতে হচ্ছে। কারণ, এখানে প্রতিযোগিতামূলক বাজারে তাঁদের ব্যবসা করতে হচ্ছে। তিনি ইচ্ছে করলেই ১০ টাকা বেশি দাম নিতে পারছেন না। অপরদিকে গ্রাহকেরাও গ্যাসের ব্যবহার কমিয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। যাঁদের নিজের বাড়ি রয়েছে, তাঁরা লাকড়ির চুলা ব্যবহার করছেন। এতে তাঁদের অনেকটা সাশ্রয় হচ্ছে। কিন্তু বিদ্যুতের ওপর আবার চাপ পড়ছে। সে জন্য সরকারকে সিলিন্ডারের দামের বিষয়টিও বিবেচনায় আনা উচিত। তিনি বলেন, ঢাকার একটি বাসাবাড়িতে মাত্র ৫০০ টাকায় ঢালাওভাবে গ্যাস ব্যবহার করা যাচ্ছে। আর এখানে মানুষকে এই দুর্ভোগের মধ্যে ফেলা হচ্ছে। সরকারি সিলিন্ডারের ব্যাপারে তিনি বলেন, সরকারি গ্যাস আর আগের মতো পাওয়া যায় না। শুধু ভিআইপিদের জন্য কিছু সিলিন্ডার আসে। তাঁরাই পেয়ে থাকেন। সাধারণ কার্ডধারীরা আর পান না। নগরের তেরখাদিয়া এলাকার একজন গ্রাহক আবদুল কাইয়ুম বলেন, তাঁদের কার্ড থাকা সত্ত্বেও চার বছর থেকে তাঁরা সরকারি সিলিন্ডার পাচ্ছেন না। বাধ্য হয়ে বেসরকারি সিলিন্ডার নিতে হচ্ছে। তাও লাগামছাড়া দাম।