বৈদ্যুতিক চুলার বিক্রি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ায় শরীয়তপুরের মানুষেরও প্রতিদিনের ব্যয় বেড়েছে। ব্যয় কমাতে অনেকেই বৈদ্যুতিক চুলা, হিটার ও রাইসকুকার ব্যবহার করছে। এতে বিদ্যুতের ওপর চাপ বাড়ছে। কিন্তু চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় এলাকার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের বাজারে ১২ কেজি ওজনের এলপি গ্যাসের প্রতিটি সিলিন্ডার তরল এক হাজার ৭০০ থেকে এক হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়। জেলার ১০ হাজার পরিবার প্রতি মাসে ১৫ হাজার সিলিন্ডার ব্যবহার করে। গত ডিসেম্বর থেকে কয়েক দফায় প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা বেড়েছে।গ্যাসের দাম বাড়ায় অনেকেই সিলিন্ডারের গ্যাসের ব্যবহার কমিয়ে দিয়েছে। গৃহিণীরা বিদ্যুচ্চালিত হিটার, বৈদ্যুতিক চুলা, ওভেন, রাইসকুকার ব্যবহার করছেন।শরীয়তপুর বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, শরীয়তপুর শহরের পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) বিদ্যুৎ সরবরাহ করে। প্রতিষ্ঠানটির ১০ হাজার গ্রাহকের দিনে সাড়ে তিন মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সরবরাহ পাওয়া যায় মাত্র দেড় মেগাওয়াট। রাতে চাহিদা পাঁচ মেগাওয়াট হলেও পাওয়া যায় দুই মেগাওয়াট।জেলায় পল্লী বিদ্যুতের ৬৫ হাজার গ্রাহকের প্রতিদিন চাহিদা নয় মেগাওয়াট। পাওয়া যায় সাড়ে চার মেগাওয়াট। রাতে চাহিদা ১৪ মেগাওয়াট, পাওয়া যায় সাত মেগাওয়াট। এতে দিনে ও রাতে বেশ কয়েকবার লোডশেডিং করতে হয়।স্থানীয় লোকজন জানান, চাহিদার ৪০ শতাংশ বিদ্যুৎ পাওয়া যায় না। এ কারণে যেসব পরিবার বিদ্যুচ্চালিত চুলা দিয়ে রান্নাবান্না করে, তারা বিপাকে পড়ে।শরীয়তপুর শহরের শান্তিনগর এলাকার গৃহিণী খাদিজা আক্তার বলেন, ‘আমার বাসায় প্রতি মাসে দুই সিলিন্ডার গ্যাস লাগত। দাম বাড়ায় গ্যাসের ব্যবহার বন্ধ করে দিয়েছি। বৈদ্যুতিক চুলা দিয়ে রান্নার কাজ করছি।’শরীয়তপুর বটতলা সড়কের ইলেকট্রনিক্স ব্যবসায়ী শামীম আহম্মেদ জানান, ১৫ দিন ধরে রান্নার কাজে ব্যবহূত বৈদ্যুতিক পণ্যসামগ্রীর বিক্রি বেড়েছে।ডামুড্যা উপজেলা শহরের ডামুড্যা কলেজ সড়কের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ভাড়া বাসায় বসবাস করি। এখানে রান্নার কাজে জ্বালানি কাঠ ব্যবহার করা যায় না। বাধ্য হয়ে গ্যাস ও বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়।যমুনা এলপি গ্যাসের পরিবেশক সাইদুর রহমান বলেন, দাম বাড়ায় শরীয়তপুরে এলপি গ্যাসের বিক্রি অর্ধেকে নেমে এসেছে। গ্রাহকেরা বিদ্যুৎ-নির্ভর হয়ে পড়ছে। এতে বিদ্যুতের ওপর চাপ বাড়ছে।ওজোপাডিকোর শরীয়তপুরের আবাসিক প্রকৌশলী আবদুল মালেক বলেন, ‘হঠাৎ করে শরীয়তপুরে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। গ্যাসের দাম বাড়ায় বাসায় মানুষ বিদ্যুৎ-নির্ভর হয়ে পড়েছে। আমরা চাহিদার ৪০ শতাংশ বিদ্যুৎও সরবরাহ করতে পারছি না।’