বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়লেন এক নারী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবারও বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন এক নারী। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে নামিয়ে আনেন। এ সময় প্রায় দেড় ঘণ্টা সঞ্চালন লাইন বন্ধ রাখা হয়। গতকাল শুক্রবার শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ওই নারীর নাম পারুল আক্তার (২২)। তাঁকে অচেতন অবস্থায় নামিয়ে এনে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উদ্ধারের সময় টাওয়ারের নিচে কয়েক হাজার উৎসুক মানুষ ভিড় জমায়। স্থানীয় লোকজন বলেন, বৈদ্যুতিক টাওয়ারের নিরাপত্তাবেষ্টনী না থাকায় দ্বিতীয়বারের মতো কোনো নারী টাওয়ারে উঠে পড়েন। পারুলের স্বামী ইয়াদ উল্ল্যাহ সিদ্ধিরগঞ্জের সাইলো রোডের একটি পোশাক কারখানার শ্রমিক। চিকিৎসক ও তাঁর পরিবার বলছে, পারুল মানসিক রোগী।
টহল পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, ‘বিকেল পৌনে চারটায় দেখি এক নারী বৈদ্যুতিক টাওয়ারে উঠে হাঁটাহাঁটি করছেন। আমি প্রথমে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়কে ঘটনাটি জানাই। খবর দিলে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে খবর দেওয়া হয়। এর মধ্যে পিজিসিবির সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের কর্মীরা টাওয়ারে উঠে ওই নারীকে বেল্ট দিয়ে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে পারুলের কোমরে বেল্ট দিয়ে আটকানো হয়। বিকেল ৫টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে মইওয়ালা গাড়ি (ল্যাডার) আসে। এরপর শুরু হয় পারুলকে টাওয়ার থেকে নামানোর তৎপরতা। সন্ধ্যা ৬টা ১২ মিনিটে পারুলকে অচেতন অবস্থায় নামিয়ে আনা হয়। দ্রুত তাঁকে শিমরাইলের সুগন্ধা হাসপাতালে নেওয়া হয়।
পিজিসিবির সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আল-আমিন বলেন, সিদ্ধিরগঞ্জ-মানিকনগর ২ লাখ ৩০ হাজার (২৩০ কেভি) ভোল্টের সঞ্চালন লাইনের বৈদ্যুতিক টাওয়ারটি ১৩৩ ফুট উঁচু। ওই নারী যদি আর ১০-১২ ফুট উঁচুতে উঠতেন, তবে বিদ্যুতায়িত হয়ে পড়তেন। টাওয়ারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, কাঁটাতারের বেড়া দিলে চুরি হয়ে যায়। তাই এটা দেওয়া হয়নি।
২০১০ সালের ৬ এপ্রিল আয়েশা আক্তার নামের এক তরুণী সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভা-ভুঁইয়া এলাকার বৈদ্যুতিক টাওয়ারে উঠেছিলেন।