বৈদ্যুতিক টাওয়ারের অ্যাঙ্গেল চুরি!
বগুড়ার শেরপুর উপজেলায় উচ্চক্ষমতাসম্পন্ন (২৩০/১৩২ কেভি) জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের বৈদ্যুতিক টাওয়ারের কাঁটাতার (আহরণ প্রতিরোধক) ও লোহার অ্যাঙ্গেল চুরি হয়ে যাচ্ছে।বগুড়ার ছিলিমপুরের ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্র কার্যালয় সূত্রে জানা গেছে, তারা গত ২৫ আগস্ট স্থানীয় লোকজনের মাধ্যমে বৈদ্যুতিক টাওয়ারের কাঁটাতার ও অ্যাঙ্গেল চুরির খবর পায়। এরপর তারা পরিদর্শন করে দেখতে পায় শেরপুরে এই সঞ্চালন লাইনের ১১৬, ১১৭ ও ১১৮ নম্বর বৈদ্যুতিক টাওয়ারের এসব মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার সঞ্চালন লাইনের উপব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম পাঁচজনকে আসামি করে শেরপুর থানায় মামলা করেছেন।গত শনিবার শেরপুরের আমিনপুর নতুন কলোনি এলাকায় গেলে নূরুল ইসলাম জানান, দিনের বেলায় আমিনপুর পুরাতন কলোনি এলাকার পাঁচ-ছয়জন যুবক তাঁর বাড়ির পাশের টাওয়ারের কাঁটাতার ও লোহার অ্যাঙ্গেল খুলে নিয়ে যায়। এই দৃশ্য প্রথমে তাঁর স্ত্রীর নজরে পড়ে। এই এলাকার প্রায় সব টাওয়ারে এভাবে সাত-আট মাস ধরে দিনে ও রাতে চুরি হচ্ছে। গ্রামের আরেক খোদা বক্স জানান, এই চুরির সঙ্গে যারা জড়িত, তাদের বাধা দিলে উল্টা তারাই চাকু দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয়। আনোয়ার হোসেন জানান, টাওয়ারের অ্যাঙ্গেল চুরির কারণে তাঁরা স্থায়ীভাবে বসবাস নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন। আমিনপুরের আবদুর রহিম জানান, এসব জিনিস বিক্রি করা হয় উপজেলার মির্জাপুরসহ বিভিন্ন এলাকায় ভাঙারির দোকানে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা স্থানীয়ভাবে মাদকসেবী হিসেবে পরিচিত।চুরি মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সঞ্জীব সমাদ্দার জানান, গত শুক্রবার আসামি আড়ালিয়া গুচ্ছগ্রামের মো. সিদ্দিককে (৩০) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।সিদ্দিকের স্ত্রী মাবিয়া খাতুন জানান, তাঁর স্বামীর কাছে বিভিন্ন এলাকা থেকে অপরিচিত লোকজন আসত। তাঁর স্বামীর সঙ্গে তারা হেরোইন ও গাঁজা সেবন করত।উপব্যবস্থাপক বলেন, এই চুরি রোধ করা না গেলে টাওয়ার ক্ষতিগ্রস্ত হবে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের বিপর্যয় ঘটতে পারে। বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত এ সঞ্চালন লাইনে ২০৪টি টাওয়ার রয়েছে। এর মধ্যে শেরপুর উপজেলায় পড়েছে ৪০টি টাওয়ার।