বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, যন্ত্রাংশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ট্রান্সফরমারের বিপুল পরিমাণ যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার ও তার কাটার নয়টি যন্ত্র। গতকাল শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ উদ্ধার করে। গ্রেপ্তার করা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার কথা স্বীকার করেছেন। জানা গেছে, শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় টহল পুলিশ চোরদের ধাওয়া করে। এ সময় চোর দলের সদস্য ট্রাকচালক সবুজকে ট্রাকসহ আটক করে পুলিশ। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে সবুজের স্বীকারোক্তি অনুযায়ী, কদমতলী এলাকা থেকে আবদুল মমিন (২২), জাহাঙ্গীর আলম (২৮), আবদুল জব্বার, দিরেন্দ্রনাথ ও আরিফকে গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, ঢাকার কদমতলীতে বিভিন্ন যন্ত্র তৈরি ও মেরামতের দুটি কারখানায় অভিযান চালিয়ে চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ ও বৈদ্যুতিক তার কাটার আধুনিক নয়টি যন্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, পাঁচ-ছয়জনের একটি দল তাঁদের নিজস্ব ট্রাক নিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে যায়। ট্রাকে কাঠের গুঁড়া ভর্তি থাকে। ট্রান্সফরমার যে খাম্বায় রয়েছে, সেখানে ট্রাকটি রাখে চোরের দল। এরপর একে একে ট্রান্সফরমারের নাট, বল্টু খুলে ট্রাকের কাঠের গুঁড়ার ওপর এটি ফেলা হয়। এতে কোনো শব্দ হয় না। তাঁরা অনায়াসে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে ট্রান্সফরমার খুলে নিয়ে যেতে পারেন। এভাবে তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফরমার চুরি করে আসছেন। সহকারী পুলিশ সুপার সার্কেল (ক) এম আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তার করা ব্যক্তিরা সংঘবদ্ধ ট্রান্সফরমার চোর চক্রের সদস্য। তাঁরা দেশের বিভিন্ন জেলা থেকে ট্রান্সফরমার চুরি করে বিক্রি করতেন। উদ্ধার হওয়া ট্রান্সফরমারের যন্ত্রাংশ দুই-তিন ট্রাক হবে। এর আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।