বৈদ্যুতিক তারের কাঁচামালের কনটেইনারে বালুর বস্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে এবার একটি কনটেইনার খুলে ৭৬ বস্তা বালু পাওয়া গেছে। সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলস লিমিটেডের আমদানি করা বৈদ্যুতিক কাঁচামালের একটি চালানে এই বালুর বস্তা পাওয়া গেছে। এই বালু কীভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।কাস্টম হাউস সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে জেএসকে নামে ভারতের একটি প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলস লিমিটেডকে ২৬টি কনটেইনারে বৈদ্যুতিক তারের কাঁচামাল সরবরাহ করে। গত ৬ মার্চ এই আমদানি চালানের দলিলপত্র কাস্টম হাউসে দাখিল করা হয়। গত ১১ মার্চ বন্দরের চারটি ইয়ার্ড থেকে কনটেইনার খুলে এসব অ্যালুমিনিয়াম কয়েল সরবরাহ নেওয়ার সময় একটি কনটেইনারে বালুর বস্তা দেখতে পান আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স স্বরূপ এন্টারপ্রাইজের কর্মীরা। তাৎক্ষণিক বিষয়টি কাস্টম হাউস ও বন্দর কর্মকর্তাদের জানানো হয়। ইস্টার্ন কেবলস লিমিটেডের পক্ষে পণ্য খালাসের দায়িত্বপ্রাপ্ত মেসার্স স্বরূপ এন্টারপ্রাইজের মালিক প্রদীপ কুমার দাশ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, প্রায় সাড়ে সাত কোটি টাকার ২৬টি কনটেইনার অ্যালুমিনিয়াম কয়েলের মধ্যে একটি কনটেইনারে ৭৬ বস্তা বালু পাওয়া গেছে। বাকি ২৫টি কনটেইনারে থাকা অ্যালুমিনিয়াম কয়েল বন্দর থেকে খালাস করে কারখানায় নেওয়া হয়েছে।বিষয়টি খতিয়ে দেখতে বন্দর কর্তৃপক্ষ টার্মিনাল কর্মকর্তা আবদুল কাইয়ুমকে আহ্বায়ক করে দুই সদস্যের একটি কমিটি করেছে। কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কনটেইনারটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন জমা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একজন সদস্য বলেন, কনটেইনারের সিল অক্ষত অবস্থায় পাওয়া গেছে। যে বন্দরে এসব পণ্য কনটেইনারে বোঝাই করা হয়েছে, সেখানে বালুর বস্তা দেওয়া হয়েছে। প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। কাস্টম হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বলেন, বৈদ্যুতিক তারের কাঁচামালবাহী এই চালানটি ঠিকভাবে শুল্কায়ন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটি কমিটি করা হবে। এই বন্দরের কোনো সংশ্লিষ্টতা না থাকলে ঘোষণা অনুযায়ী পণ্য না আসায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।ইস্টার্ন কেবলস লিমিটেডের মহাব্যবস্থাপক আবদুল হাকিম মিঞা প্রথম আলোকে বলেন, কনটেইনারে বালু আসার বিষয়টি সরবরাহকারীকে জানানো হয়েছে। বিষয়টি সুরাহার জন্য কাস্টম হাউসেও চিঠি দেওয়া হয়েছে। কারণ বন্ডের আওতায় আমদানির কারণে এই চালানের ২৫ কনটেইনার অ্যালুমিনিয়াম কয়েল খালাস করা গেলেও উৎপাদনে ব্যবহার করা যাচ্ছে না। দরপত্র অনুযায়ী চালান না পাওয়ায় সরবরাহকারীর কাছে ক্ষতিপূরণ চাওয়া হবে।